আগরতলা : এম.এল. প্লাজার উদ্যোগে সোমবার স্বর্গীয় মাখন লাল সাহার ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় ১১তম স্বেচ্ছা রক্তদান শিবির। সমাজসেবামূলক এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দও, পদ্মশ্রী প্রাপ্ত জিমনাস্ট দীপা কর্মকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আয়োজক সংস্থার সদস্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা স্বর্গীয় মাখন লাল সাহার জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করেন।

তিনি বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবসেবার আদর্শে অনুপ্রাণিত হয়েই তাঁর স্মৃতিতে প্রতিবছর এই রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে, যা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। মুখ্যমন্ত্রী আরও বলেন, রক্তদান মহৎ দান। একজন মানুষের দেওয়া রক্ত আরেকজন মানুষের জীবন বাঁচাতে পারে। এই ধরনের শিবির সমাজে মানবিকতার বার্তা বহন করে এবং যুব সমাজকে স্বেচ্ছাসেবায় এগিয়ে আসতে উদ্বুদ্ধ করে। রক্তদান শিবিরে বিভিন্ন বয়সের বহু স্বেচ্ছাসেবী রক্তদাতা অংশগ্রহণ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও স্বর্গীয় মাখন লাল সাহার স্মৃতিকে সম্মান জানিয়ে এই ধরনের সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *