নিজস্ব প্রতিনিধি, আগরতলা।। বর্ষাকালে রাজ্যের কোথাও যেন বিদ্যুৎ পরিষেবা ব্যাহত না হয় এবং সাধারণ মানুষকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে বিদ্যুৎ নিগমের কর্পোরেট কার্যালয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।

বৈঠকে তিনি রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি, বর্ষাকালীন প্রস্তুতি এবং গ্রাহক পরিষেবার প্রতিটি বিষয় খুঁটিয়ে পর্যালোচনা করেন। বৈঠকে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপক অধিকর্তা সমেত শীর্ষ আধিকারিকরা। এই বৈঠকে পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা ও খোয়াই জেলার বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে অংশ নেন।

বৈঠকে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, বর্ষাকালে বিদ্যুৎ পরিষেবা সচল রাখা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ঝড়-বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে কোথাও বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে দ্রুত পরিষেবা প্রদান করতে সমস্ত কর্মীদের প্রস্তুত থাকতে হবে। তিনি আধিকারিকদের নির্দেশ দেন, প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং গ্রাহকদের ভোগান্তি কোনোভাবেই যাতে দীর্ঘায়িত না হয়, এই বিষয়টি নিশ্চিত করতে হবে।

বিশেষ গুরুত্ব দিয়ে তিনি প্রিপেইড বিদ্যুৎ গ্রাহকদের রিচার্জ সংক্রান্ত বিষয়টি পর্যালোচনা করেন। রিচার্জে যাতে কোনো প্রযুক্তিগত সমস্যা না হয়, সে জন্য সংশ্লিষ্ট এজেন্সি ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দেন তিনি। তাঁর মতে, আধুনিক প্রযুক্তিনির্ভর পরিষেবাই গ্রাহকদের আরও দ্রুত ও নিরবচ্ছিন্ন সুবিধা নিশ্চিত করবে।

মন্ত্রী রতন লাল নাথ বিশেষভাবে নির্দেশ দেন, হাসপাতাল, পানীয় জল সরবরাহ কেন্দ্র, সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরসহ সব ধরনের জরুরি পরিষেবায় কোনো অবস্থাতেই বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়া চলবে না। একই সঙ্গে গৃহস্থালী ও বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। বৈঠকে দিনরাত পরিষেবা সচল রাখা, বিদ্যুৎ বিল আদায়ের অগ্রগতি, গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং বর্ষাকালে সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি বিভাগের প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

বিদ্যুৎ কর্মীদের আরও সক্রিয়ভাবে কাজ করার পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল প্রস্তুত রাখার ওপরও গুরুত্ব আরোপ করেন মন্ত্রী।বিদ্যুৎ নিগম সূত্রে জানা গেছে, বর্ষাকালে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যেই বিভিন্ন জেলায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। জরুরি মেরামতি দল, প্রয়োজনীয় ট্রান্সফরমার, ক্যাবল, বৈদ্যুতিক খুঁটি ও অন্যান্য সরঞ্জাম মজুত রাখা হয়েছে, যাতে কোনো দুর্যোগের পর দ্রুত বিদ্যুৎ পরিষেবা পুনর্বহাল করা সম্ভব হয়।

রাজ্যে গ্রাহক বান্ধব বিদ্যুৎ পরিষেবা গড়ে তুলতে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথের পরামর্শ অনুযায়ী নিগমের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বিদ্যুৎ নিগম ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। পরিকাঠামোর উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, দ্রুত অভিযোগ নিষ্পত্তি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নিগমের নিরন্তর প্রচেষ্টা জারি রয়েছে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *