আগরতলা।। দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত হলেন প্রবীণ চিত্র সাংবাদিক বিকাশ কোলে। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ত্রিপুরার সাংবাদিক মহলে।জানা যায়, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁর শরীরে স্টেন্ট বসানোর প্রয়োজন ছিল।

সরকারি উদ্যোগে সেই ব্যবস্থাও করা হয়েছিল বলে জানা গেছে। তবে কোনও কারণে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।এরই মধ্যে গতকাল রাতে নিজ বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হন বিকাশ কোলে। দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। কিন্তু চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। জিবি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন ধরে ‘দৈনিক দেশের কথা’ পত্রিকার চিত্র সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন বিকাশ কোলে। সহকর্মীদের কাছে তিনি ছিলেন সজ্জন, মিষ্টভাষী এবং অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ।

মঙ্গলবার তাঁর মরদেহ আগরতলা প্রেস ক্লাবে নিয়ে আসা হলে সেখানে শেষ শ্রদ্ধা জানান প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকারসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক ও কর্মীরা।বিকাশ কোলের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার। তিনি প্রয়াত সাংবাদিকের আত্মার চিরশান্তি কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

একজন সহকর্মীকে হারিয়ে এদিন ভারাক্রান্ত সাংবাদিক মহল। তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতি স্মরণ করে শেষ শ্রদ্ধা জানালেন সহকর্মীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *