আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ ঘোষণা করেছেন যে অটল ইনোভেশন মিশন এবং নীতি আয়োগের সহায়তায় ত্রিপুরা একটি কৃত্রিম বুদ্ধিমত্তা নীতি নিয়ে আসবে, যা এটি দেশের প্রথম এধরণের উদ্যোগ৷ তিনি বলেছেন, আগরতলা একটি স্মার্ট শহর হওয়ায় রাজ্য সরকার ট্রাফিক ব্যবস্থাপনা সহ শহর পরিচালনার জন্য এআই-ভিত্তিক সলিউশন চালু করবে।
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে আজ আগরতলার হাপানিয়া আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে ত্রিপুরায় স্টেট ইনোভেশন মিশনের সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা।
বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় রাজ্য উদ্ভাবন মিশন (স্টেট ইনোভেশন মিশন) হচ্ছে ত্রিপুরায় ভারতের প্রথম রাজ্য-স্তরের উদ্ভাবন মিশন - যা তারা আগে কখনও কল্পনাও করেন নি। আমরা প্রশাসনিক ও ব্যবসায়িক সংস্কার, ডিজিটাল শাসন এবং দূরদর্শী শিল্প ও স্টার্ট-আপ নীতির উপর দৃষ্টি নিবদ্ধ করেছি। ত্রিপুরা দেশের একমাত্র রাজ্য যেখানে পুরো সরকার কাজ করছে — মন্ত্রিপরিষদ এবং রাজ্য সচিবালয় থেকে শুরু করে ত্রি-স্তরীয় ভিলেজ কাউন্সিলের পাশাপাশি গ্রাম পঞ্চায়েতগুলি — যা সম্পূর্ণ কাগজবিহীন। আর সুশাসনের উদ্যোগের লক্ষ্য হচ্ছে জনগণকে অর্থনৈতিক সুযোগ প্রদান করা এবং যুবদের আকাঙ্ক্ষাকে উদ্যোগে রূপান্তর করা।
আলোচনায় মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, এটা নীতি আয়োগ স্টেট সাপোর্ট মিশনের অংশ। এই উদ্যোগ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তাদের নির্দিষ্ট শক্তির উপর ভিত্তি করে শক্তিশালী করার লক্ষ্যে স্থানীয় উদ্ভাবনী ইকোসিস্টেম তৈরি করতে সহায়তা করে৷ ত্রিপুরা স্টেট ইনোভেশন মিশন একটি অভিনব উদ্যোগ, যা অটল ইনোভেশন মিশন দ্বারা সমর্থিত একটি ইকোসিস্টেম তৈরি করতে সহায়তা করে। সেই সঙ্গে প্রতিভাবান উদ্যোগগুলিকে যত্ন করে, অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করে এবং এসকল ধারণাগুলিকে প্রকল্পে রূপান্তরিত করে।
মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন এবং তথ্য প্রযুক্তি দপ্তর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ব্যাঙ্গালোর এবং টি-হাবের সাথে ত্রিপুরা স্টেট ইনোভেশন মিশন এবং টি-নেস্টের ধারণা ও প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করেছে। স্টেট ইনোভেশন মিশন এমন উদ্যোগগুলিকে লালন-পালন করবে যা কৃষি, সবুজ প্রযুক্তি, ডিজিটাল পরিষেবা, পর্যটন, স্বাস্থ্যসেবা এবং এর বাইরেও বিভিন্ন সমস্যা সমাধান করবে৷ উত্তর-পূর্বে কৌশলগতভাবে অবস্থিত ত্রিপুরা একটি আঞ্চলিক উদ্ভাবন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশের সম্ভাবনা রয়েছে, যা ভারতের বিকাশের দিশাকে দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক করিডরের সাথে সংযুক্ত করে৷
মুখ্যমন্ত্রী বলেন, টি-নেস্ট স্টেট ইনোভেশন মিশনের কার্যকরী শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। টি-নেস্ট ক্যাম্পাসগুলিকে বাজারের সাথে সংযুক্ত করা, বিনিয়োগের ধারণা এবং প্রভাবের জন্য উদ্ভাবনের একটি সেতু হিসেবে কাজ করবে। টি-নেস্ট চানমারিতে গড়ে উঠতে চলা এয়ারটেল ডেটা সেন্টারে অত্যাধুনিক ইনকিউবেশন ইনোভেশন পার্কের সাথে সংযুক্ত হবে। সমস্ত আটটি জেলা জুড়ে উদ্ভাবন কেন্দ্র স্থাপন করা হবে এবং টি-নেস্ট-এর সাথে সংযুক্ত করা হবে।
ডাঃ সাহা বলেন, ত্রিপুরা তৃণমূল স্তরের উদ্ভাবকদের জন্য দেশের প্রথম ডিস্ট্রিক্ট ইনোভেটর ফেলোশিপ চালু করবে। অটল ইনোভেশন মিশন এবং নীতি আয়োগের সহায়তায়, ত্রিপুরা একটি কৃত্রিম বুদ্ধিমত্তা নীতি প্রবর্তন করবে - যা হবে দেশের প্রথম এধরনের উদ্যোগ। আগরতলা একটি স্মার্ট শহর হওয়ায় আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ ও শহর পরিচালনার জন্য এআই-ভিত্তিক সমাধান চালু করব। আমরা বিশ্বাস করি এই পদ্ধতি যানজট, পার্কিং সমস্যা, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনা, পানীয় জল সরবরাহ, বন্যা নিয়ন্ত্রণ, কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা এবং সম্পত্তি মূল্যায়নে সহায়তা করবে। আগরতলা শহরে পাবলিক সার্ভিস ডেলিভারি উন্নত করতে সেরা প্রযুক্তি প্রদানকারীরা এআই ব্যবহারের উপায় সমূহ শেয়ার করতে আগ্রহ প্রকাশ করেছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সহায়তায় ত্রিপুরা এআই সেন্টার অফ এক্সিলেন্স গড়ে তোলা প্রক্রিয়াধীন রয়েছে।
এর পাশাপাশি আমরা রাজ্যে আইটি, আইটিইএস, এবং ডেটা সেন্টার ইকোসিস্টেমকে উন্নীত করার লক্ষ্যে ত্রিপুরা আইটি এন্ড ডেটা ইকোনমিক জোন স্থাপন করার পরিকল্পনা করছি, যেহেতু সফ্টওয়্যার উদ্যোগগুলির চাহিদা বাড়ছে রাজ্যে৷ আমরা একটি আইটি পার্ক স্থাপন করারও সিদ্ধান্ত নিয়েছি৷
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি ও অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরি, নীতি আয়োগের মেম্বার ভি.কে. সারস্বত, মুখ্যসচিব জে.কে. সিনহা, সচিব কিরণ গিত্যে সহ অন্যান্য পদস্থ আধিকারিকগণ।
