আগরতলা : নারী ও শিশুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা বার্তা পৌঁছে দিতে বৃহৎ বাইক র‍্যালির আয়োজন করল ত্রিপুরা পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর এডিনগর পুলিশ মাঠ থেকে এই র‍্যালির সূচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের মহা-নির্দেশক অনুরাগ সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতে সচেতনতা অভিযানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এদিন র‍্যালিটি আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় পরিক্রমা করে। বাইক র‍্যালির মাধ্যমে নারী ও শিশুদের সুরক্ষা, আইন সম্পর্কে সচেতনতা এবং অপরাধের বিরুদ্ধে দ্রুত অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মোট ৫৪০টি বাইক এই র‍্যালিতে অংশগ্রহণ করে। এতে অংশ নেয় বিভিন্ন বাহিনীর সদস্যরা, যেমন—বিএসএফ, সিআরপিএফ,ত্রিপুরা স্টেট রাইফেলস,ত্রিপুরা পুলিশ,ত্রিপুরা ওমেন পুলিশ,ত্রিপুরা স্টেট ওমেন পুলিশ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ঊর্ধ্বতন আধিকারিকরা জানান, নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ রুখতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগ। এই ধরনের র‍্যালির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি এবং নিরাপত্তা সংক্রান্ত বার্তা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। পুলিশ প্রশাসনের মতে, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের প্রত্যেক স্তরে সচেতনতা বাড়াতে হবে।

সন্দেহজনক ঘটনা দেখলে দ্রুত নিকটবর্তী থানায় বা হেল্পলাইনে যোগাযোগ করার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়। বৃহৎ অংশগ্রহণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে আয়োজিত এই বাইক র‍্যালি শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করে। নারী ও শিশু সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন আয়োজকরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *