ধর্মনগর।। চাঞ্চল্যকর ডেলিভারি বয় মৃত্যু কাণ্ডের সাথে জড়িত অভিযুক্তদের জামিনের আবেদন নবমবারের মতো খারিজ করলো আদালত। বুধবার চাঞ্চল্যকর এই ঘটনার পুনরায় শুনানি হয় ধর্মনগর সিজেএম কোর্টে।
এদিন পুনরায় জামিনের আবেদন করেন ঘটনায় প্রত্যক্ষভাবে অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার হওয়া পাঁচ অভিযুক্ত। কিন্তু প্রতিবারের ন্যায় ঘটনার স্পর্শকাতরতা অনুভব করে বিষয়টি কঠোরহাতে বিবেচনা করেন আদালত। এদিন শোনানির পর সংবাদ মাধ্যমের সামনে এই ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন বিশিষ্ট আইনজীবী দেবদাস বক্সী। তিনি জানান এই মামলাকে লঘু করার উদ্দেশ্যে বিবাদী পক্ষের তরফে যথেষ্ট প্রস্তুতি ও আইনি কৌশল নেওয়া হয়েছে। তবে সত্য ও আইনের সামনে সেই সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “আইন কখনোই কারোর চাপ বা প্রভাবের কাছে মাথা নত করে না। আজকের শুনানিই তার প্রমাণ।
তিনি আরও জানান, এদিন আদালত বিবাদী পক্ষের দাখিল করা মোট তিনটি জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। মামলার তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আগামী দিনে আইনের পথেই দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই মামলায় আদালত আগামী ১৭ ফেব্রুয়ারির দিন ধার্য করেন পরবর্তী শোনানির জন্য।
উল্লেখ্য, ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের মৃত্যুকে ঘিরে প্রথম থেকেই রাজ্যজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁকে মৃত্যু পথে ঠেলে দেওয়া হয়েছে।
