আগরতলা।। বিপজ্জনক যাতায়াত আর জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপারের দিন শেষ হতে চলেছে। গ্রানতলী ও গরুরবান্দ এলাকার মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন এখন বাস্তব। উদ্বোধনের প্রহর গুনছে নবনির্মিত ফুটব্রিজ।
কাজের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখা হলো।একটা সময় ছিল যখন গ্রানতলী ও গরুরবান্দ এলাকার মানুষকে এই খেয়াঘাটে হাতের মুঠোয় প্রাণ নিয়ে চলাচল করতে হতো। কখনও নড়বড়ে বাঁশের সাঁকো, আবার কখনও ঝুঁকি নিয়ে ছোট নৌকাই ছিল একমাত্র ভরসা। বর্ষাকালে সেই বিপদ আরও বহুগুণ বেড়ে যেত। অবশেষে সেই কষ্টের অবসান ঘটছে। সেতুটির নির্মাণ কাজ এখন একেবারে শেষ প্রান্তে। ঝকঝকে এই আধুনিক ফুটব্রিজ এখন উদ্বোধনের অপেক্ষায় দাঁড়িয়ে। এই ব্রিজ চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা। পাশাপাশি মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া এখন আর সময়ের ব্যাপার মাত্র। ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন যাতায়াতেও আসবে অভাবনীয় গতি।গ্রানতলী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলেন “আমরা বর্তমান সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই।
এই সেতুটি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। আগে আমাদের মানুষ যেভাবে ঝুঁকি নিয়ে পার হতো, তা ভাবলে এখনও ভয় লাগে। এখন ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ নির্ভয়ে যাতায়াত করতে পারবে।স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই ফুটব্রিজ কেবল দুই প্রান্তকে যুক্ত করবে না, বরং এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে এক নতুন দিগন্ত খুলে দেবে।
