আগরতলা ।। ত্রিপুরাকে বিনিয়োগের অন্যতম গন্তব্য হিসেবে তুলে ধরার লক্ষ্যেই আয়োজন করা হয়েছে ডেস্টিনেশন ত্রিপুরা: বিজনেস কনক্লেভ ২০২৬। আগামী ৯ ও ১০ জুলাই হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই বৃহৎ শিল্প সম্মেলন।

সম্মেলনের আগে আজ হাপানিয়ায় সাংবাদিক সম্মেলন করেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব কিরণ গিত্তে এবং ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক।সাংবাদিক সম্মেলনে জানানো হয়, মুখ্যমন্ত্রীর হাত ধরে হবে এই কনক্লেভের উদ্বোধন। ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল।

এছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের।দেশ-বিদেশের বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ইতিমধ্যেই দিল্লি, হায়দরাবাদ, বেঙ্গালুরু ও গুয়াহাটিতে রোড শো করা হয়েছে। এই রোড শো থেকে মোট ১৮৯টি বিনিয়োগের আগ্রহ প্রকাশ পেয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ৬ হাজার ৪৫৭ কোটি টাকা।

এই কনক্লেভে বাংলাদেশ, ফিলিপিন্স, নেপাল, দক্ষিণ আফ্রিকা সহ ৯টি দেশের কূটনৈতিক প্রতিনিধিদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের শিল্পপতি, ব্যবসায়িক সংগঠন ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।ত্রিপুরার পর্যটন, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, আইটি, উৎপাদন শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরাই এই সম্মেলনের মূল লক্ষ্য।

শিল্প বিনিয়োগের মাধ্যমে রাজ্যের অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই বিজনেস কনক্লেভকে বড় সুযোগ হিসেবে দেখছে রাজ্য সরকার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *