আগরতলা।। ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিদ্যুৎ পরিষেবা ও বিদ্যুৎ বিল সংক্রান্ত বিভিন্ন সমস্যার প্রতিবাদে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ ভূতুরিয়া বিদ্যুৎ নিগমের কার্যালয়ে একটি ডেপুটেশন প্রদান করা হয়।
সংগঠনের প্রতিনিধিরা অভিযোগ করেন, বিদ্যুৎ বিলে নানা ধরনের অসঙ্গতি, মিটার রিডিংয়ের ত্রুটি, গ্রাহকদের অভিযোগের দ্রুত নিষ্পত্তি না হওয়া এবং পরিষেবার মানের অবনতির কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। তাদের দাবি, বিদ্যুৎ নিগমের একাধিক সিদ্ধান্তের ফলে সাধারণ গ্রাহকদের অযথা আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে এবং অনেক ক্ষেত্রেই গ্রাহকদের স্বার্থ উপেক্ষিত হচ্ছে।
এই পরিস্থিতির অবসান ঘটাতে সংগঠনের পক্ষ থেকে ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি বিদ্যুৎ নিগমের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। তারা জানান, অবিলম্বে এই দাবিগুলি কার্যকর করে গ্রাহকদের স্বার্থ রক্ষা করতে হবে এবং বিদ্যুৎ পরিষেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করে তুলতে হবে।
অন্যথায় আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
