আগরতলা: আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের ডাক দিল নিষিদ্ধ দুই বৈরী সংগঠন NLFT এবং ATTF-এর আত্মসমর্পণকারী সদস্যরা।
শুক্রবার রাজধানীতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন তারা।সাংবাদিক সম্মেলনে সংগঠন দুটির নেতৃত্ব জানান, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর নতুন দিল্লিতে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং আত্মসমর্পণকারী সংগঠনগুলির মধ্যে একটি ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী আত্মসমর্পণকারীদের পুনর্বাসন, আর্থিক প্যাকেজ ও অন্যান্য দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল সরকার।
কিন্তু দুই বছর অতিক্রান্ত হতে চললেও কেন্দ্র ও রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার সেই প্রতিশ্রুতি পূরণে কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তাদের। বাধ্য হয়েই তারা আন্দোলনের পথে যেতে বাধ্য হচ্ছেন।নেতৃত্ব আরও জানান, ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টার বন্ধ চলাকালীন চোরাইবাড়িতে আসাম-আগরতলা জাতীয় সড়ক, ভারত-বাংলাদেশ সীমান্তের আখাউড়া রোড সহ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করা হবে।
এর ফলে রাজ্যের জনজীবন স্তব্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।তাদের বক্তব্য, সরকার যদি দ্রুত তাদের দাবি মেনে চুক্তি বাস্তবায়ন না করে, তবে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।
