আগরতলা: গুরগাঁওয়ে ত্রিপুরার ১৯ বছর বয়সি এক ছাত্রীর উপর নৃশংস অত্যাচারের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীর কঠোর শাস্তির দাবিতে ত্রিপুরা মহিলা কংগ্রেস বিক্ষোভ প্রদর্শন করে। কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কুশ পুতুল দাহ করে।

গুরগাঁওয়ে ত্রিপুরার এক ছাত্রীর উপর ধর্ষণ সহ অমানবিক নির্যাতনের অভিযোগ এবং দেশজুড়ে মহিলাদের উপর ক্রমবর্ধমান অত্যাচারের প্রতিবাদে সরব হল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। বৃহস্পতিবার আগরতলার কংগ্রেস ভবনের সামনে সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন তাদের মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্য নেত্রীরা। প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। দেশে নারী ও ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জনক পরিস্থিতি তৈরি হয়েছে। বিক্ষোভ চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র কুশ পুতুল দাহ করা হয়। তিনি অভিযোগ করেন, আইন-শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় সরকার ব্যর্থ এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশজুড়ে নারী সুরক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।

তিনি বলেন, বিলকিস বানু হত্যাকারীদের ফুল মালা দিয়ে বিজেপি নেতৃত্ব অভিনন্দন জানিয়েছেন। রাম রহিমকে বারবার পেরোলে বের করে এনেছেন।এইসব ঘটনা দেখে রাষ্ট্রবাদীরা উৎসাহিত হচ্ছে এবং দেশে নারী এবং ছাত্রীদের উপর নির্যাতন গণধর্ষণ হত্যা বৃদ্ধি পেয়েছে।তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেন। পাশাপাশি ত্রিপুরা রাজ্যে নাবালিকা থেকে শুরু করে ৭০ বছরের বৃদ্ধাদের উপর ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন গুরগাঁওয়ের ঘটনাটি শুধু একটি পরিবারের নয়, সমগ্র সমাজের বিবেককে নাড়া দিয়েছে।

রাজ্যের ওই তরুণী গুরগাঁওয়ে বি-টেক পড়তে গিয়ে এক যুবকের সঙ্গে পরিচিত হন। পরে সেই যুবক তাকে একটি হোস্টেল কক্ষে আটকে রেখে একাধিক দিন ধরে শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ।গুরুতর আহত অবস্থায় তরুণী কে উদ্ধার করে নয়া দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।বর্তমানে তার শারীরিক অবস্থা উদ্বেগ জনক বলে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *