আগরতলা:খোস মহল কমপ্লেক্স সোসাইটির বার্ষিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার তারা প্রথমবারের মতো আয়োজন করে স্বেচ্ছা রক্তদান শিবির।
এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত, সোসাইটির সভাপতি ও সম্পাদক সহ অন্যান্যরা। মেয়র বলেন, এই ধরনের স্বেচ্ছা রক্তদান শিবির রক্তের চাহিদা ও যোগানের ভেতর ভারসাম্য রক্ষা করে। পাশাপাশি তিনি বলেন, রক্তের কোন বিকল্প নেই। এ ধরনের সাচ্চা রক্তদানের মাধ্যমেই রক্তের চাহিদা পূরণ করা হয়। সকলকে এধরনের স্বেচ্ছা রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মেয়র আরো বলেন, রাজ্যে বারটি সরকারি অনুমোদিত ব্লাড ব্যাংক রয়েছে।এছাড়া ও দুটি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সারা রাজ্যবাসীর কাছে এবং বিভিন্ন সামাজিক সংস্থা, রাজনৈতিক দল, ক্লাব ও প্রতিষ্ঠান গুলির কাছে আবেদন রেখেছিলেন যাতে রক্তদানে তারা এগিয়ে আসেন। সেই আহবানে সাড়া দিয়ে গোটা রাজ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির বা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। রক্তদান মহৎ দান এই কারণে, যারা আজকে রক্ত দিচ্ছেন, তারা জানেন না উনার রক্ত কে গ্রহণ করবেন। রক্তদানের মাধ্যমে জাত, ধর্ম, দল সব বিলীন হয়ে যায়। একমাত্র মানবতাই সামনে চলে আসে।
যারা আজকে রক্তদান করছেন, তারা কোন কঠিন রোগে আক্রান্ত কিনা এই বিষয়েও একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন বলে মেয়র জানান। রক্তের বিকল্প এখনো আবিষ্কার হয়নি। একজনের রক্তদানের মধ্য দিয়ে অন্য একজন মুমূর্ষু রোগী প্রাণ ফিরে পায়। স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহিত করতে মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির পরিদর্শন করেন।
