আগরতলা।। ইঞ্জিনিয়ার্স ডে ২০২৬ উপলক্ষে আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।ইঞ্জিনিয়ার দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত স্তরের ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।

নিজের বক্তব্যে তিনি বলেন, আধুনিক সভ্যতার মান উন্নয়ন থেকে শুরু করে পরিকাঠামোগত বিকাশ এবং সরকারি পরিকল্পনার বাস্তবায়নে ইঞ্জিনিয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।ত্রিপুরার সার্বিক উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের পাশাপাশি এনআইটি, টিআইটি এবং ত্রিপল আইটির বিশেষ গুরুত্ব রয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নত ভারত গড়ার প্রয়াস বাস্তবায়নে ইঞ্জিনিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও দাবি করেন তিনি।

তথ্য প্রযুক্তির প্রসার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বুজ্জংনগরের মতো শিল্পনগরীর মাধ্যমে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বাস্তুকারদের অবদান রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।তবে শুধু পরিকল্পনা নয়, উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়নের ওপরও জোর দেন তিনি।রাজ্যের ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা—ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তুলতে হলে প্রথমেই উন্নত করতে হবে পরিকাঠামো। আর সেই দায়িত্ব বাস্তুকারদেরই পালন করতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, ডিপিআর তৈরি করে চার মাসের মধ্যে গ্রাউন্ড ওয়ার্ক সম্পন্ন করতে হবে। পরবর্তী মাসগুলিতে শেষ করতে হবে পেপার ওয়ার্ক। এতে উন্নয়নমূলক কাজে গতি আসবে, কমবে সাধারণ মানুষের দুর্ভোগ।


রাজ্যের ইঞ্জিনিয়ারদের দক্ষতার ওপর আস্থা প্রকাশ করে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন, আগামী দিনেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে ত্রিপুরাকে একটি উন্নত রাজ্য হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বাস্তুকাররা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *