আগরতলা।। ত্রিপুরায় স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে চালু হলো T-RISE—Tripura Registry & Integration for Startup Ecosystem Portal। রাজ্যের তথ্যপ্রযুক্তি দপ্তর এবং হায়দরাবাদের T-Hub-এর সহযোগিতায় আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত ‘Building a Unicorn in Tripura’ শীর্ষক কর্মশালায় এই পোর্টালের আনুষ্ঠানিক সূচনা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি, অর্থ, পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়-সহ প্রশাসনের আধিকারিক, শিল্পপতি, বিনিয়োগকারী, স্টার্টআপ প্রতিষ্ঠাতা এবং শিক্ষাক্ষেত্রের প্রতিনিধিরা।

সরকারি তথ্য অনুযায়ী, নতুন Sector-Agnostic Tripura Startup Policy চালুর পর ১৮৫টির বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১৪০টি রেজিস্ট্রেশন অনুমোদিত হয়েছে এবং ৭০টি স্টার্টআপ স্বীকৃতি পেয়েছে। ইতিমধ্যেই উদ্যোক্তাদের আর্থিক সহায়তা হিসেবে দেওয়া হয়েছে ২ কোটি ৭২ লক্ষ টাকা।

T-RISE পোর্টালের মাধ্যমে স্টার্টআপ, উদ্যোক্তা, ইনকিউবেটর, মেন্টর, বিনিয়োগকারী এবং সরকারি দপ্তরগুলিকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হাপানিয়ার ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টারে T-NEST নামে রাজ্যস্তরের ইনকিউবেশন সেন্টারও গড়ে তোলা হয়েছে।

স্টার্টআপগুলিকে আর্থিক পরিষেবা, ই-কমার্স, রপ্তানি, ক্লাউড প্রযুক্তি, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিতে HDFC Bank, Amazon Seller Services এবং Zoho Corporation-এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।। কর্মশালায় T-Hub-এর বিশেষজ্ঞরা উদ্ভাবন ব্যবস্থাপনা, ব্যবসা সম্প্রসারণ, অর্থ সংগ্রহ এবং বাজার সম্প্রসারণ নিয়ে প্রশিক্ষণ দেন।

সরকারের দাবি, এই উদ্যোগের মাধ্যমে ত্রিপুরায় বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে এবং রাজ্যে একটি শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *