আগরতলা : সংবাদমাধ্যম ও সাংবাদিকদের বিভিন্ন ন্যায্য দাবি নিয়ে সোমবার আন্দোলনে নামলেন রাজ্যের সংবাদকর্মীরা। রাজধানীর রবীন্দ্রভবন এলাকায় এদিন এক সমাবেশের আয়োজন করা হয়, যেখানে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত সাংবাদিক, সম্পাদক ও হকারদের স্বার্থসংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক ও সম্পাদক সুবল দে, প্রণব সরকার, শানিত দেবরায় প্রমুখ। বক্তারা সাংবাদিকদের পেশাগত জীবনে প্রতিনিয়ত যে সব সমস্যার মুখোমুখি হতে হয়, সেগুলি বিস্তারিতভাবে তুলে ধরেন। সংবাদ সংগ্রহের সময় নিরাপত্তাহীনতা, আর্থিক অনিশ্চয়তা ও পরিকাঠামোগত অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সমাবেশ থেকে সাপ্তাহিক পত্রিকায় সরকারি বিজ্ঞাপন প্রদানের ব্যবস্থা, কর্তব্যরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিকদের জন্য বাসস্থানের ব্যবস্থা এবং পত্রিকা হকারদের বিভিন্ন দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধানের দাবি জানানো হয়।
সমাবেশ শেষে সাংবাদিক ও সম্পাদকদের একটি প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে গিয়ে তাঁদের দাবিসংবলিত স্মারকলিপি তুলে দেন। প্রতিনিধি দলের বক্তব্য শোনার পর মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট বিষয়গুলি খতিয়ে দেখে শীঘ্রই সমাধানের আশ্বাস দেন বলে জানা গেছে। সাংবাদিক মহলের মতে, সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে।
তাই এই পেশার সঙ্গে যুক্ত মানুষদের ন্যায্য দাবি ও সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এদিনের সমাবেশ সেই দাবিকেই আরও জোরালোভাবে তুলে ধরেছে।
