আগরতলা : সদর মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে বুধবার আগরতলার লেক চৌমুহনী বাজারে বিভিন্ন দোকানে আকস্মিক অভিযান চালানো হয়। খাদ্য নিরাপত্তা এবং ভোক্তা স্বার্থ রক্ষার লক্ষ্যে পরিচালিত এই অভিযানে বাজারের একাধিক দোকানে তল্লাশি চালান প্রশাসনের কর্মকর্তারা।

অভিযান চলাকালে মাছ বাজার, মুদি দোকান, বিভিন্ন খাবারের দোকান, হার্ডওয়্যার দোকান এবং ফলের দোকানসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে হানা দেওয়া হয়। বিশেষ করে ফরমালিনযুক্ত মাছ বিক্রি হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে মাছের নমুনা সংগ্রহ করা হয়। পাশাপাশি দোকানগুলিতে ব্যবহৃত ওজন মাপার পাল্লা পরীক্ষা করা হয়।

এছাড়াও বিভিন্ন দোকান থেকে মেয়াদোত্তীর্ণ ফলের জুস ও খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত করা হয়। অনিয়ম ধরা পড়ায় কয়েকটি দোকানের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে মোটা অঙ্কের জরিমানাও ধার্য করা হয়। অভিযানের সময় নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহারের বিরুদ্ধেও বিশেষ নজরদারি চালানো হয় এবং যেসব দোকানে প্লাস্টিক ব্যাগ ব্যবহারের প্রমাণ মিলেছে তাদের সতর্ক করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক দ্বীপরাজ রায় জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। বাজারে ভেজাল খাদ্যদ্রব্য বা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থান নেবে বলেও তিনি স্পষ্ট করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *