আগরতলা : আগরতলা পৌর নিগমের উদ্যোগে মঙ্গলবার দুপুরে মহারাজগঞ্জ বাজারে উচ্ছেদ অভিযান চালানো হয়। মূলত দোকানের বাইরে ফুটপাতে রাখা বিভিন্ন সামগ্রী সরিয়ে নিতে এই অভিযান পরিচালনা করে পৌর নিগমের টাস্ক ফোর্স। অভিযান চলাকালীন একাধিক দোকানের বাইরে রাখা সামগ্রী তুলে নিয়ে যায় টাস্ক ফোর্সের কর্মীরা।
এর ফলে কয়েকটি স্থানে ব্যবসায়ীদের সঙ্গে টাস্ক ফোর্সের বাকবিতণ্ডা হয় বলে জানা গেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে অভিযান সম্পন্ন করা হয়। পৌর নিগম সূত্রে জানা গেছে, ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতেই এই অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এদিকে হঠাৎ অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কিছু ব্যবসায়ী।
তাঁদের দাবি, পূর্বে যথাযথভাবে সতর্ক না করেই অভিযান চালানো হয়েছে। যদিও পৌর নিগমের তরফে আইন মেনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
