আগরতলা:মঙ্গলবার ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বাল্যবিবাহ মুক্ত ভারত বিষয় ক বিশেষ সচেতনতামূলক প্রচার অভিযানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন ঝরনা দেববর্মা, তাছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে জয়ন্তী দেববর্মা বলেন, গত ২৭ নভেম্বর থেকে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও বাল্যবিবাহ মুক্ত করার জন্য প্রচার অভিযান চলছে।
সেই উপলক্ষে এদিন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের তরফ থেকে বাল্য বিবাহের বিরুদ্ধে সুসজ্জিত গাড়ি মাধ্যমে গোটা পশ্চিম জেলায় সচেতনতা মূলক প্রচার অভিযান কর্মসূচির সূচনা হয়। পাশাপাশি ২৩ ফেব্রুয়ারি থেকে শিশু অধিকার ও বাল্যবিবাহ বিষয়ক ইত্যাদি থিম নিয়ে কিভাবে বাল্যবিবাহ থেকে দেশ তথা ত্রিপুরা কে মুক্ত করা যায় পশ্চিম জেলার জনবহুল এলাকা এবং বাজার হাটে পথনাটক অনুষ্ঠিত হবে । তিনি আরো বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে প্রতিটি জেলার পঞ্চায়েত, ব্লক স্তরে সচেতনতামূলক প্রচার অভিযান সংঘটিত করা হবে। যাতে অচিরেই বাল্যবিবাহ মুক্ত ত্রিপুরা রাজ্য গড়ে ওঠে।
প্রসঙ্গত, যদিও শিশু শ্রমিক, শিশুদের অধিকার এবং বাল্যবিবাহ বন্ধ করার জন্য ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন, ত্রিপুরা চাইল্ড লাইন কমিশন এবং শ্রম দপ্তর যৌথভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান সংঘটিত করছে। তার পাশাপাশি সচেতনতা মূলক কর্মসূচি জারি রেখেছে।
