আগরতলা।।শনিবার ২১ শে ফেব্রুয়ারী অপরাহ্নে রাজ্যের গণান্দোলনের পরিচিত নেতৃত্ব, সি পি আই (এম)’র রাজ্য কমিটির প্রাক্তন সদস্য, প্রাক্তন বিধায়ক ও শ্রমিক নেতা কমরেড মাধব সাহা আগরতলা আই এল এস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন। গত ৯ই ফেব্রুয়ারী হৃদযন্ত্রের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।
দীর্ঘদিন যাবতই তিনি এই সমস্যায় ভুগছিলেন। আজ অপরাহ্নে ডাক্তারদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি একমাত্র ছেলে, স্ত্রী ও আত্মীয় পরিজন রেখে যান। গত শতাব্দীর ৬০ এর দশকে রাজ্যব্যাপী উত্তাল ছাত্র আন্দোলনের আবহে ১৯৬৭সালে কমরেড মাধব সাহা সি পি আই (এম)’র সদস্যপদ লাভ করেন। ছিলেন ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতৃত্বে, এস এফ আই-এর অন্যতম যুগ্ম সম্পাদক এবং দক্ষ সংগঠক। পরবর্তী সময়ে ছাত্র সংগঠন থেকে অব্যাহতি নিয়ে কমরেড সাহা নিজেকে শ্রমিক সংগঠনে যুক্ত করেন এবং রাজ্যের শ্রমজীবী জনগণকে সংগঠিত করার কাজে ব্যতিক্রমী অবদান রাখেন। ছিলেন সি আই টি ইউ’র রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য।
কমরেড মাধব সাহা ১৯৯১ সালে পার্টির চতুর্দশ রাজ্য সম্মেলনে রাজ্য কমিটির সদস্য নির্বাচিত হন। ২০২৫ সালে পার্টির ২৪ তম রাজ্য সম্মেলনে স্বাস্থ্যের অবনতির কারণে তিনি রাজ্য কমিটি থেকে অব্যাহতি চাইলে পার্টি তাঁর অনুরোধ গ্রহণ করে। কমরেড মাধব সাহা ১৯৯৩ ২০০৩ ২০০৮ এবং ২০১৩ সালে উদয়পুরের মাতাবাড়ী কেন্দ্র থেকে বিধানসভায় নির্বাচিত হন। বিধানসভায় পরিষদীয় কাজে, বিশেষ সংসদীয় বিতর্কে তিনি দক্ষতার নজীর রাখেন।
কমরেড মাধব সাহা পার্টির মতাদর্শগত অবস্থানে ছিলেন অবিচল এবং সাংগঠনিক শৃঙ্খলায় লোহদৃঢ়। কমরেড মাধব সাহার প্রয়াণে পার্টি হারাল মতাদর্শে বলীয়ান, জনকল্যাণে নিবেদিতপ্রাণ একজন দরদী সাথীকে। কমরেড মাধব সাহার জীবনের শিক্ষাই তাঁর শূন্যতা পূরণে উদয়পুর পার্টির নেতা ও কর্মীদের সহায়ক হবে বলে সম্পাদকমন্ডলী বিশ্বাস করে।
সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী কমরেড মাধব সাহার প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে। তাঁর একমাত্র পুত্র, স্ত্রী ও পরিজনদের প্রতি সম্পাদকমন্ডলী আন্তরিক সমবেদনা জানাচ্ছে।
