আগরতলা : বৈঠক ঘিরে অনিশ্চয়তা ও ক্ষোভকে কেন্দ্র করে জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাক দিলেন আত্মসমর্পণকারী প্রাক্তন জঙ্গিদের সংগঠন ত্রিপুরা গেরিলা রিটানিজ ডিমান্ড কমিটি-র সদস্যরা।সংগঠনের অভিযোগ, তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনার জন্য জনজাতি কল্যাণ দপ্তরের তরফে বৈঠকের ডাক দেওয়া হলেও নির্ধারিত সময়ে দপ্তরের অধিকর্তা ও সংশ্লিষ্ট মন্ত্রী উপস্থিত হননি।
এতে আত্মসমর্পণকারী সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আন্দোলনকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে পুনর্বাসন, আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের দাবিতে তাঁরা প্রশাসনের দ্বারস্থ হয়ে আসছেন। কিন্তু বারবার আশ্বাস মিললেও বাস্তবে কোনও অগ্রগতি হচ্ছে না বলে তাঁদের অভিযোগ। বৈঠকের নামে ডেকে এনে কর্তৃপক্ষের অনুপস্থিতিকে তাঁরা ‘অবমাননা’ হিসেবে দেখছেন। ক্ষুব্ধ সদস্যরা ঘোষণা করেছেন, আগামী শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ও রেল অবরোধ কর্মসূচি শুরু করা হবে।
তাঁদের দাবি, সরকার দ্রুত আলোচনায় বসে লিখিত আশ্বাস না দিলে আন্দোলন আরও তীব্র হবে।উল্লেখ্য, আত্মসমর্পণকারী প্রাক্তন জঙ্গিদের পুনর্বাসন ও মূলস্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন সময়ে সরকার একাধিক পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করেছিল। তবে আন্দোলনকারীদের অভিযোগ, সেই প্রতিশ্রুত সুবিধার অনেকটাই এখনও বাস্তবায়িত হয়নি।
এ বিষয়ে জনজাতি কল্যাণ দপ্তরের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সম্ভাব্য অবরোধকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
photo courtesy copy from Google images
