আগরতলা।।আগামী ১৪ মার্চ, শনিবার রাজ্যে বসছে এবছরের প্রথম জাতীয় লোক আদালত। ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে এই লোক আদালত বসবে। মোট ৪৫ টি বেঞ্চে ২৬,৫৭৪ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে।

এরমধ্যে আদালতে জমে থাকা ২১ হাজার ৩৯০ টি মামলা এবং মামলা পূর্ব বিরোধ (Pre-litigation) সংক্রান্ত ৫,১৮৪ টি মামলা রয়েছে। জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত ৪২২ টি মামলা, বৈবাহিক বিরোধ সংক্রান্ত ২০৪ টি মামলা, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৫,০৮৪ টি মামলা, বিএসএনএলের বিল পরিশোধ সংক্রান্ত ১০০ টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের (এমবি অ্যাক্ট, টিপি অ্যাক্ট, টিজি অ্যাক্ট, এক্সাইস অ্যাক্ট) ২০,৭১৮ টি মামলা, চেক বাউন্স (এনআই অ্যাক্ট) সংক্রান্ত ২৮ টি মামলা এবং চাকরি সংক্রান্ত ১৮টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে।

ত্রিপুরা হাইকোর্টে একটি বেঞ্চে ৪০ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। ইতিমধ্যে মামলার পক্ষ-বিপক্ষ/উভয়পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। লোক আদালতে মামলার পক্ষ বিপক্ষকে সাহায্য করার জন্য আইনি স্বেচ্ছাসেবক বা অধিকার মিত্রদের হেল্প ডেস্ক থাকবে। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের এগজিকিউটিভ চেয়ারম্যান বিচারপতি ড. অমরনাথ গৌড় জাতীয় লোক আদালত সফল করতে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।

দ্রুত ও বিনা আইনি খরচে সংশ্লিষ্ট সবাইকে মামলা নিষ্পত্তির সুবিধা নিতে ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য-সচিব ঝুমা দত্ত চৌধুরী আবেদন করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *