বক্সনগর প্রতিনিধি:গোপন খবরের ভিত্তিতে কলমচৌড়া থানার পুলিশ, এন্টিনারকোটিক্স শাখা এবং ৪৯ নং ব্যাটালিয়ন বিএসএফের যৌথ উদ্যোগে এক বড়সড় অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, উত্তর কলমচৌড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জুমের টিলা ৪ নং ওয়ার্ডের বাসিন্দা বাদল মিঞা (৩৬), পিতা রুকু মিঞার বাড়িতে গাঁজা মজুত থাকার খবর পেয়ে অভিযান চালানো হয়। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা ছোট-বড় মোট ১১টি নীল রঙের প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়। ওই ড্রাম খুলে দেখা যায়, তার ভিতরে বিপুল পরিমাণ শুকনো গাঁজা রাখা ছিল। পরে ওজন করে দেখা যায় মোট ৩১৪ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।
এই অভিযানে উপস্থিত ছিলেন কলমচৌড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সুবিমল বর্মন, ক্রাইম ব্রাঞ্চ এন্টিনারকোটিক্স বিভাগের রাজীব সাহা, ৪৯ নং ব্যাটালিয়ন বিএসএফের এসিস্ট্যান্ট কমান্ডার রাজেন কুমার, থানার এসআই অরুপ দেববর্মা ও রাম কৃষ্ণ সহ টিএসআর বাহিনী এবং মহিলা কনস্টেবলরা।অভিযানটি অত্যন্ত পরিকল্পিতভাবে পরিচালনা করা হয় এবং নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। পুলিশের এই সফল অভিযানে নেশা কারবারীদের বিরুদ্ধে বড়সড় আঘাত হানা হয়েছে বলে মনে করা হচ্ছে।উল্লেখযোগ্য বিষয় হল, কলমচৌড়া থানায় নতুন ওসি হিসেবে সুবিমল বর্মন দায়িত্ব নেওয়ার পর থেকেই এলাকায় অপরাধ দমনে একাধিক ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। তার নেতৃত্বে পুলিশ প্রশাসন ইতিমধ্যেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং গোটা মাদক চক্রকে উৎখাত করতে তদন্ত জোরদার করা হয়েছে। আগামী কাল তাকে আদালতে প্রেরণ করা হবে হলে জানিয়েছেন।
