আগরতলা।।বুধবার থেকে আগরতলা শহর ও শহরতলি এলাকায় রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন ও ট্রাফিক জ্যাম মুক্ত করার বিশেষ অভিযান শুরু হয়।বটতলা এলাকায় গভীর রাতে ফুটপাত দখলমুক্ত করল আগরতলা পুর নিগম।
এদিন বটতলা থেকে শুরু করে পোস্ট অফিস চৌমুহনী পর্যন্ত ফুটপাত দখল মুক্ত অভিযান সংঘটিত করে ট্রাফিক , টাস্ক ফোর্স ও পুলিশ প্রশাসন, পরিবহন দপ্তর সহ সংশ্লিষ্ট বিভাগ।পুর নিগমের উদ্যোগে শহরে উচ্ছেদ অভিযান নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে মেয়র দীপক মজুমদার বলেন, এটা ধারাবাহিক কর্মসূচি। আগরতলা শহরে অসাধু ব্যবসায়ী অনৈতিকভাবে রাস্তা এবং ফুটপাত দখল করে ব্যবসা করছেন। তাদের উচ্ছেদ করা হবে।
প্রধান রাস্তা সহ অলিগলির রাস্তায় ফুটপাত দখল করে ও রাস্তার পাশে ঘাস জায়গায়, সরকারি জায়গায় অবৈধ উপায়ে গড়ে উঠা দোকানপাট,অবৈধ নির্মাণ উচ্ছেদ ও ভাঙ্গার কাজ শুরু করে আগরতলা পৌর নিগম।তিনি বলেন পুর নিগমের সব ওয়ার্ড এলাকায় অভিযান চলবে।গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে আগরতলা শহরের যানজট মুক্ত এবং দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে বলেও তিনি জানান।
আগরতলা শহরের মানুষ এবং রাজ্যের বিভিন্ন জেলার মানুষ দীর্ঘদিন ধরেই দাবি করছিলেন আগরতলা শহরকে যানজট মুক্ত এবং ফুটপাত দখল মুক্ত করার জন্য। যাতে শহর ও শহরতলীর সব রাস্তার ট্রাফিক জ্যাম মুক্ত করতে ও মানুষ যাতে সুখ স্বাচ্ছন্দে রাস্তায় ফুটপাত ধরে যাতায়াত করতে পারেন, এবং রাস্তায় গাড়ি চলতে পারে সেই জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নির্দেশ ও পরামর্শ অনুযায়ী পুর নিগম ফুটপাত পরিষ্কার ও রাস্তার পাশে অবতরণ নির্মাণ ভেঙে দিয়ে উচ্ছেদ অভিযানে নেমেছে।মেয়র আরো বলেন,কভার ড্রেনের উপর বা রাস্তায় বা রাস্তা ঘেঁষে কোনও গাড়ি রাখা যাবে না।
পার্কিং প্লেইস ছাড়া যেমন গাড়ি বাইক স্কুটি রাখা যাবে না, তেমনি কোনও কভার ট্রেনের উপরও কোনও গাড়ি রাখা যাবে না। নিয়ম না মানলে পুর নিগম,ট্রাফিক বিভাগ, পরিবহন দপ্তর ও থানা পুলিশ গাড়ি বা যান বহন উঠিয়ে নেবে।প্রথম অবস্থায় শাস্তি মুলক ব্যবস্থা হিসেবে যানবাহন মালিক কে মোটা অংকের টাকা জরিমানা করা হবে বলে জানা গেছে।এই অভিযান শুধু শহরের বিভিন্ন রাস্তায় ও অলিগলিতে যেমন করা হবে তেমনি শহরতলীর বিভিন্ন রাস্তা অলিগলিতে করা হবে বলে মেয়র দীপক মজুমদার জানান। শহর ও শহরতলীর এলাকায় রাস্তা ও অলিগলিতে বেদখল মুক্ত করে ফুটপাত পরিষ্কার ও সরকারি জায়গায় দোকানপাট বা যেকোনো নির্মাণও পুর নিগম ভেঙ্গে দিয়ে পরিষ্কার করবে। বাজারের ভেতরেও অবৈধ দোকান উচ্ছেদ করা হবে।হকার তথা ভেন্ডার লাইসেন্সধারী ব্যবসায়ীদের লাইসেন্সের পুরো শর্ত মেনে ঠেলা ও ভ্যান রিক্সায় ব্যবসা করতে হবে বলে মেয়র জানান।ঠেলা ও ভ্যান রিক্সায় সচল চাকা থাকতে হবে।বেলা ১১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত ভেন্ডার লাইসেন্স ধারী হকাররা রাস্তার পাশে নির্দিষ্ট জায়গায় ঠেলা ও ভ্যান দাড় করিয়ে ব্যবসা করতে পারবেন।রাত এগারোটার পর ঠেলা ও ভ্যান রিক্সা উঠিয়ে বাড়ি নিয়ে যেতে হবে।
নিয়ম অমান্য করলে ভেন্ডার লাইসেন্স বাতিল করা হবে বলে মেয়র শ্রী মজুমদার জানান। রাস্তার ফুটপাত দখল করে খাবারের দোকান রাখা যাবেনা। ব্যবসায়ীরা দোকানের জিনিসপত্র ফুটপাতে রাখতে পারবেন না। ফুলের টব ও চারা গাছ বিক্রেতা ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ব্যবসা করতে পারবেন না বলেও মেয়র জানান। তিনি বলেন, রাজ্য সরকারের অনুমোদন ছাড়া কোথাও বিজ্ঞাপন লাগানো যাবে না। সরকারি অফিস, সরকারি ভবন ও লাইট পোস্টে বিজ্ঞাপন লাগালে আগরতলা পুর নিগম ব্যবস্থা গ্রহণ করবে।
