আগরতলা, ০৮ ফেব্রুয়ারি : বিকশিত ভারত গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ “ভি বি রাম জি” (বিকশিত ভারত–গ্যারান্টি রোজগার এবং আজীবিকা মিশন গ্রামীণ) কর্মসূচির আওতায় গ্রামীণ এলাকায় ১২৫ দিনের কাজের মাধ্যমে রোজগারের নতুন গ্যারান্টি নিশ্চিত করার লক্ষ্যে রবিবার পাবিয়াছড়া মণ্ডলের উদ্যোগে এক বিশেষ সম্মিলনের আয়োজন করা হয়।
কুমারঘাট মানসী মিলনায়তন হলঘরে আয়োজিত এই সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস। এছাড়াও মণ্ডলের সকল স্তরের নেতৃত্ববৃন্দ ও কার্যকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভগবান দাস বলেন, গ্রামাঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধি, আর্থিক স্বনির্ভরতা গড়ে তোলা এবং টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে “ভি বি রাম জি” কর্মসূচি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাঁর মতে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে “বিকশিত ভারত”-এর যে স্বপ্ন দেখা হয়েছে, তা বাস্তবায়নের পথে এই কর্মসূচি একটি ঐতিহাসিক পদক্ষেপ।
তিনি আরও জানান, এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ যুবক-যুবতী ও শ্রমজীবী মানুষ নিশ্চিত কাজের সুযোগ পাবে, ফলে গ্রাম থেকে শহরে কাজের খোঁজে মানুষের পরিযান কমবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। সভায় উপস্থিত নেতৃবৃন্দ কর্মসূচির লক্ষ্য ও রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সর্বস্তরের মানুষকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।
