আগরতলা : এটিএম জালিয়াতির আশঙ্কা ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজধানী আগরতলায়। মঙ্গলবার জয়নগর অবলা চৌমুহনীস্থিত একটি এটিএম কাউন্টারে টাকা তোলার স্থানে সেলোটেপ লাগানো অবস্থায় দেখতে পান সচেতন গ্রাহকরা। বিষয়টি নজরে পড়তেই সঙ্গে সঙ্গে গ্রাহকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

স্থানীয় গ্রাহকদের অভিযোগ, পরিকল্পিতভাবেই কে বা কারা এটিএম মেশিনে সেলোটেপ লাগিয়ে টাকা আটকে দেওয়ার চেষ্টা করেছে। এ ধরনের ঘটনার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অর্থ আত্মসাতের ছক কষা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। ঘটনার প্রতিবাদে এটিএমের সামনে জড়ো হয়ে সরব হন সাধারণ মানুষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ। পুলিশ এটিএম কাউন্টারের ভেতরে ও আশপাশের এলাকা খতিয়ে দেখে এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে বিষয়টি তদন্তের কাজ শুরু করেছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, এটিএম জালিয়াতি নাকি দুষ্টচক্রের কাজ—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে সাধারণ গ্রাহকদের সতর্ক থাকার এবং এটিএম ব্যবহারের আগে টাকা বেরোনোর মুখ ভালোভাবে পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এটিএম নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। সচেতন নাগরিকদের দাবি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে এটিএম কাউন্টারগুলিতে নজরদারি আরও বাড়ানো হোক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *