আগরতলা : প্রথমবারের মতো আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস ক্লাব কমিটির উদ্যোগে আগরতলা প্রেস ক্লাব প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি হবে এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে মোট চারটি দল খেলবে।
শুক্রবার আগরতলা প্রেস ক্লাব-এ স্পোর্টস কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। আসন্ন ক্রীড়া কার্যক্রম, প্রতিযোগিতা এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির যুগ্ম সম্পাদক অভিষেক দে, কোষাধ্যক্ষ তথা স্পোর্টস কমিটির সহ-কনভেনার রঞ্জন রায় এবং স্পোর্টস কমিটির সদস্য সুপ্রভাত দেবনাথ সহ অন্যান্য সদস্যরা।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিক ও সংবাদকর্মীদের মধ্যে ক্রীড়া চেতনা বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য জোরদার করতেই নিয়মিতভাবে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আসন্ন টুর্নামেন্ট ও ক্রীড়া ইভেন্টগুলির প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে বলেও জানানো হয়। বক্তারা বলেন, সংবাদমাধ্যমের ব্যস্ত কর্মজীবনের মধ্যেও শারীরিক সুস্থতা ও মানসিক সতেজতা বজায় রাখতে খেলাধুলার বিকল্প নেই।
তাই ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে ক্রীড়া আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, প্রেস ক্লাবের ক্রীড়া উদ্যোগ আগামী দিনে আরও সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে।
