আগরতলা।। আস্তাবল ময়দানে সারা ভারত কৃষক সভার ২২তম ত্রিপুরা রাজ্য সম্মেলন উপলক্ষে আয়োজিত সুবিশাল প্রকাশ্য সমাবেশকে ঘিরে রাজধানীতে ফের চোখে পড়ল লাল পতাকার জমায়েত।
সমাবেশকে কেন্দ্র করে মিছিল ও জমায়েতের পর অনুষ্ঠিত হয় প্রকাশ্য সভা। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণান, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ বামফ্রন্টের বিভিন্ন স্তরের নেতৃত্ব।রাজ্য সম্মেলন ও প্রকাশ্য সমাবেশকে সফল করতে গত বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক কর্মসূচি চালিয়েছে কৃষক সভা। তবে শেষ পর্যন্ত আস্তাবল ময়দান কতটা ভরাতে পারবে লাল ঝান্ডার মিছিল—তা নিয়ে রাজনৈতিক মহলে ছিল কৌতূহল।
সমাবেশের পর বাম নেতৃত্বের দাবি, দীর্ঘদিন পর রাজধানীর বুকে এমন জমায়েতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নতুন করে রাজনৈতিক বার্তা দিয়েছে। যদিও অতীতের মতো লাল পতাকার সেই প্রবল রাজনৈতিক উন্মাদনা নেই, তবুও এদিনের জমায়েতকে সংগঠনের শক্তি প্রদর্শনের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবেই দেখছে বাম শিবির।প্রকাশ্য সমাবেশ থেকে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন বাম নেতৃত্ব।
তাঁদের অভিযোগ, কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করে একের পর এক জনবিরোধী নীতি গ্রহণ করা হচ্ছে।বাম নেতৃত্বের আরও দাবি, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে এবং গোটা দেশজুড়ে বিজেপির বিদায়ের ঘণ্টা বাজতে শুরু করেছে।
আস্তাবল ময়দানের এই জমায়েতের মধ্য দিয়ে দীর্ঘদিন পর রাজধানীর রাজনীতিতে ফের নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করল বাম শিবির। এখন এই জমায়েত আগামী দিনের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলতে পারে, সেটাই দেখার।
