আগরতলা।। শ্রমজীবী মানুষের বিভিন্ন দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে সিআইটিইউ রাজ্য কমিটির উদ্যোগে শুক্রবার দুপুরে আগরতলার ওরিয়েন্ট চৌমুহনী প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক বিরাট শ্রমজীবী জনসমাবেশ।

এই সমাবেশে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিআইটিইউর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এ. করিম, সংগঠনের সভাপতি সুদীপ দত্ত, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শংকর দত্ত এবং শ্রমজীবী নারী নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে। এদিনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের বিভিন্ন নীতি ও কর্মপদ্ধতির তীব্র সমালোচনা করেন।

শ্রমজীবী মানুষের অধিকার, কর্মসংস্থানের সংকট, শ্রমিকদের নিরাপত্তা এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার নানা সমস্যা নিয়ে বক্তব্য রাখেন তাঁরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তাঁর বক্তব্যে বিজেপি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও নীতির সমালোচনা করেন। তাঁর অভিযোগ, সরকারের নীতির কারণে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সমাজের সাধারণ অংশের মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

শ্রমিকদের স্বার্থ ও অধিকার রক্ষার বিষয়েও তিনি বক্তব্য রাখেন।অন্যদিকে, বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবি আদায়ের লক্ষ্যে সংগঠিতভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশ থেকে শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা, কর্মসংস্থান এবং শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন আরও জোরদার করার ডাক দেওয়া হয়।এদিনের সমাবেশে সিআইটিইউর বিভিন্ন স্তরের নেতৃত্ব, সংগঠনের কর্মী-সমর্থক এবং বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *