আগরতলা : রাজ্যে রেগা প্রকল্প পুনরায় চালুর দাবিতে সরব হলো প্রদেশ কংগ্রেস। সোমবার আগরতলার বুদ্ধ মন্দির এলাকায় দলের উদ্যোগে এক বৃহৎ জনসভার আয়োজন করা হয়। সভায় বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভামঞ্চ থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেন কংগ্রেস নেতৃত্ব।
জনসভায় উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, সংগঠন রাজ্য সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক বির্জিত সিনহা সহ একাধিক জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব। সভায় বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন বলেন, সাধারণ মানুষের কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতিকে ধ্বংস করার চক্রান্ত চলছে। তিনি দাবি করেন, আন্তর্জাতিক কূটনৈতিক ও বাণিজ্যিক চাপে কেন্দ্র সরকার বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে, যার প্রভাব দেশের অর্থনীতি ও সার্বভৌম নীতির ওপর পড়ছে। তথাকথিত ‘এপস্টিন ফাইলস’ প্রসঙ্গ টেনে তিনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন এবং বলেন, দেশের জনগণ এর জবাব চাইবে। অন্যদিকে আশীষ কুমার সাহা তাঁর বক্তব্যে বলেন, গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম প্রধান ভরসা ছিল মনরেগা বা রেগা প্রকল্প।
তাঁর অভিযোগ, কেন্দ্র সরকার পরিকল্পিতভাবে এই প্রকল্পকে কার্যত নিষ্ক্রিয় করে দিয়েছে। এর পরিবর্তে ‘ভিবি রামজি’ নামে যে প্রকল্পের কথা বলা হচ্ছে, তা বাস্তবে সাধারণ মানুষের জন্য ফলপ্রসূ নয়। তিনি বলেন, “গ্রামের শ্রমজীবী মানুষ আজ কাজের অভাবে চরম সঙ্কটে। তাদের হাতে কাজ ফিরিয়ে দিতে হলে অবিলম্বে রেগা প্রকল্প পুনরায় চালু করতে হবে।” দাবি পূরণ না হলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সভা শেষে কংগ্রেসের এক প্রতিনিধি দল রাজ্যপালের কাছে রেগা প্রকল্প পুনরায় চালুর দাবিতে একটি স্মারকলিপি প্রদান করে। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতৃত্বরা।
স্মারকলিপিতে গ্রামীণ শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি বকেয়া মজুরি দ্রুত মেটানোর দাবিও জানানো হয়। এদিনের জনসভা থেকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগাম কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃত্ব জানায়, রাজ্যের প্রতিটি ব্লক ও গ্রামে গিয়ে জনমত সংগঠিত করা হবে। জনসভায় দলীয় সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
বক্তৃতার মাঝে বিভিন্ন স্লোগানে সরব হয়ে ওঠে সভাস্থল। কংগ্রেস নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের অধিকারের প্রশ্নে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
