আগরতলা: ভারতীয় জনতা পার্টির লক্ষ্য হচ্ছে সেবার মাধ্যমে মানুষের কল্যাণের জন্য কাজ করা। সেবাই সংগঠন – এই মন্ত্র নিয়ে মানুষের জন্য কাজ করে ভারতীয় জনতা পার্টির সরকার। আগামীতে এডিসিতে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। তাই এডিসি নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত করতে হবে। কারণ একমাত্র ভারতীয় জনতা পার্টি জনজাতিদের উন্নয়ন করতে পারে। আজ গোমতী জেলার মহারানীতে ভারতীয় জনতা পার্টির মাতাবাড়ি মন্ডলের উদ্যোগে আয়োজিত সভায় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা উপস্থিত জনতার উদ্দেশ্যে জিজ্ঞেস করেন যে আপনারা শান্তি চান, কি চান না? জবাবে উপস্থিত জনতা একযোগে সমস্বরে শান্তি চায় বলে উঠেন। আর এই শান্তির জন্য কাকে চান? তখনও জনতার উত্তর – বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামেও সভা থেকে জনতার আওয়াজ উঠে আসে। মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় জনতা পার্টি শুধু ভারতবর্ষে না, সমস্ত পৃথিবীর মধ্যে একটি সর্ববৃহৎ পার্টি। আর এই পার্টির সদস্য সদস্যা হওয়া মানে নিজেদের গর্বিত করা। এই পার্টির মূল লক্ষ্য হচ্ছে সেবাই সংগঠন। আমরা সেবার মাধ্যমে মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই। আগে রাষ্ট্রের সেবা, তারপর পার্টি, তারপর ব্যক্তি। যদিও অন্যান্য পার্টির ঠিক উল্টো। তাদের কাছে আগে নিজে, এরপর পার্টি, এরপর রাষ্ট্র।

জন সমাবেশে মুখ্যমন্ত্রী বলেন, ২০২৬ এ এডিসি নির্বাচন হতে যাচ্ছে। আমরা প্রত্যক্ষ করেছি যে কমিউনিস্টদের সময়ে এডিসির কি অবস্থা হয়েছিল, আর এখন কি হচ্ছে? সেটা আমাদের সবার জানা। জনজাতিদের উন্নয়নের জন্য তাদের যে কাজ করার ছিল সেটা তারা করেনি। আমি নিশ্চিত আগামীতে যখন ভারতীয় জনতা পার্টির প্রশাসন এডিসিতে গঠন হবে তখন কি উন্নয়ন হবে সেটা মানুষ দেখবেন শুধু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার বলছেন ভারতীয় জনতা পার্টি মানে উন্নয়ন। উন্নয়ন ছাড়া কোন কথা নেই। ভারতীয় জনতা পার্টি ও আমাদের সরকারের একটাই শ্লোগান – সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি প্রকল্পের সুযোগ পৌঁছে দেওয়া। এরআগে কিন্তু জনজাতিদের নিয়ে কেউ চিন্তা করেনি। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময়ে জনজাতি দপ্তর আলাদাভাবে শুরু হয়েছিল। এরআগে সেটা অন্যান্য দপ্তরের সাথে লেজের মতো লাগানো ছিল। আর প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দায়িত্ব গ্রহণের পর উত্তর পূর্বাঞ্চলের জন্য আলাদা করে ডোনার মন্ত্রক করেছেন। যাতে শুধুমাত্র উত্তর পূর্বাঞ্চলে উন্নয়নের বিষয়টি নিশ্চিত করা যায়।

মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উড়িষ্যার প্রত্যন্ত অঞ্চলের জনজাতি মহিলা দ্রৌপদী মুর্মুকে দেশের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত করেছেন। এর অর্থ হচ্ছে মহিলাদের সম্মান প্রদর্শন এবং জনজাতিদের প্রতি সম্মান প্রদর্শন। আমাদের ত্রিপুরা রাজ্য থেকে রাজ পরিবারের সুযোগ্য সন্তান তথা প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাকে তেলেঙ্গানার মতো বড় রাজ্যের রাজ্যপাল হিসেবে দায়িত্ব দিয়েছেন তিনি। যা আমরা কখনো ভাবতে পারিনি। জনজাতিদের উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ। ২০১৮ সালে ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়। তারপর ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত পরপর ৭ জন জনজাতি বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর কথায়, মানুষকে বিভ্রান্ত করার জন্য কিছু কিছু পার্টি এবং তাদের লোকজনেরা উল্টোপাল্টা বলে থাকে। এডিসি এলাকায় একমাত্র ভারতীয় জনতা পার্টি উন্নয়ন করতে পারে। সেটা সবার বুঝতে হবে। আমাদের সরকার চায় মানুষের জন্য কাজ করার। কিন্তু এডিসিতে আমরা কি দেখছি। আমার কাছে সব খবর আছে। তারা রাজনীতিতে আসে শুধু লুটপাট করার জন্য। কিন্তু আমাদের যিনি অভিভাবক, কারোর ক্ষমতা নেই উল্টোপাল্টা চলার। কারণ আমাদের মূল মন্ত্র হচ্ছে সেবাই সংগঠন। মানুষের জন্য কাজ করতে হবে। এই চিন্তাধারায় আমাদের সরকার কাজ করছে, আমাদের পার্টি কাজ করছে।

সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, জেলা সভাপতি সবিতা নাথ, গোমতী জেলার সভাধিপতি দেবল দেবরায়, এডিসি সদস্য সম্রাট জমাতিয়া, মাতাবাড়ি মন্ডলের সভাপতি বিশ্বজিত ম্যারাক সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *