আগরতলা।। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং গণতান্ত্রিক ভোটাধিকার নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব কংগ্রেস।INDIA জোটের সিদ্ধান্ত অনুযায়ী দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে ত্রিপুরাতেও পালিত হলো এই সত্যাগ্রহ কর্মসূচি।

আগরতলা কংগ্রেস ভবনে তিন ঘণ্টার কর্মসূচিতে কংগ্রেসের নেতা-কর্মীরা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের গ্রেপ্তার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানান।কংগ্রেসের অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনারকে ব্যবহার করে কেন্দ্রীয় সরকার নির্বাচন ব্যবস্থাকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে।দলের দাবি, নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনাররা আপত্তি জানালেও তা উপেক্ষা করা হয়েছে।

এর ফলে দেশের মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার প্রশ্নের মুখে পড়েছে বলেও অভিযোগ কংগ্রেসের।প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার অভিযোগ, জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার হওয়ার পর থেকেই নির্বাচন কমিশনে একনায়কতন্ত্র কায়েম হয়েছে।তাঁর দাবি, জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে রাহুল গান্ধী তথ্য-সহ বিভিন্ন বিষয় সামনে এনেছেন।

কংগ্রেসের বক্তব্য, নির্বাচন কমিশনের কথিত অনিয়মের বিরুদ্ধে সরকার কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।এদিকে গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে আগামীকাল আলোচনা সভা এবং ক্যান্ডেল র‍্যালির কর্মসূচিও ঘোষণা করেছে প্রদেশ কংগ্রেস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *