আগরতলা।।রবিবার আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ-সভাপতি বিমল কান্তি চাকমা, সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা এবং প্রদেশ সাধারণ সম্পাদক ভূমিকানন্দ রিয়াং।
সাংবাদিক সম্মেলনে রেবতী ত্রিপুরা অভিযোগ করেন, টিটিএডিসিতে প্রায় ১২০ জনের নিয়োগে বড়সড় অনিয়ম হয়েছে। তাঁর দাবি, নিয়োগ প্রক্রিয়ায় কোনও স্বচ্ছতা মানা হয়নি, বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে নিয়মকানুন উপেক্ষা করে এই নিয়োগ করা হয়েছে। এমনকি অর্থ দফতরের অনুমতি ছাড়াই এই নিয়োগ সম্পন্ন হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।
বিজেপির অভিযোগ, এই নিয়োগে স্বজনপোষণ ও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে, যার ফলে বহু যোগ্য বেকার যুবক বঞ্চিত হচ্ছেন। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে রাজ্যপালের কাছে স্মারকলিপি দিয়েছে বিজেপি প্রতিনিধিদল।
এছাড়াও রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ তুলে বিজেপি জানিয়েছে, দলের চারজন নির্বাচিত এমডিসি আগামীকাল টিটিএডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করবেন।
