আগরতলা।। প্রদেশ বিজেপি কার্যালয়ে মন্ত্রী বিধায়ক সহ অন্যান্যদের নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপি রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেব ,মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেব রায় সহ অন্যান্যরা।বৈঠকে বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের কোর্ডিনেটর সম্বিত পাত্র, প্রদেশ বিজেপি প্রভারি ডাঃ রাজদিপ রায়ও উপস্থিত ছিলেন।বৈঠকের নির্যাস তুলে ধরলেন রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেব।
তিনি জানান রাজ্যে ভারতীয় জনতা পার্টির সংগঠনকে মজবুত করার লক্ষ্যে বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ভিলেজ কমিটির নির্বাচন যেহেতু ঘোষণা করা হয়ে গেছে তাই এই নির্বাচনে দলের প্রস্তুতি এবং নেতৃত্ব ,কার্যকর্তারা কিভাবে কাজ করবে সেই বিষয়ে আলোচনা হয়েছে। তিনি জানান সব নির্বাচনই এক ধরনের হয় না। ভিলেজ কমিটি নির্বাচন বিশেষত জনজাতিদের মান উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়।
ভারতীয় জনতা পার্টি জনজাতিদের আর্থসমাজিক মান উন্নয়নে যে অগ্রণী ভূমিকা রাখবে তার প্রমাণ হলো ভিলেজ কমিটির নির্বাচনের আগে বিজেপির রাষ্ট্রীয় সংগঠন মহামন্ত্রীর রাজ্য সফর। অর্থাৎ জনজাতিদের কল্যাণে ভারতীয় জনতা পার্টির সরকার সঠিক দিশাতে কাজ করে তাদের মান উন্নয়নে সচেষ্ট থাকবে সেটাই হচ্ছে দলের লক্ষ্য। পাশাপাশি দলীয় সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য কার্যকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনাও দেওয়া হয় এই বৈঠকে।
এদিকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই বৈঠক প্রসঙ্গে বলতে গিয়ে জানান বৈঠকে দুইটি বিষয় নিয়ে বিশেষ করে আলোচনা হয়েছে। এর মধ্যে একটি বিষয় হলো ভিলেজ কমিটির নির্বাচন। দলের কার্যকরতারা সাংগঠনিকভাবে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত কিভাবে কাজ করবেন বিশেষ করে জনজাতিদের বিভিন্ন সমস্যা সেগুলি কোন বিল্ডিং, ব্রিজ নয় বরং তাদের দৈনন্দিন যে সমস্যা রয়েছে সেগুলি সমাধানের আশ্বাস এবং ভারতীয় জনতা পার্টি যে তা বাস্তবায়ন করতে পারে সেগুলি তুলে ধরে তাদেরকে বুঝাতে হবে এই বিষয়ে কার্যকরতাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
দ্বিতীয়ত ভারতীয় জনতা পার্টি যে অন্যান্য দল থেকে তাদের নীতি ও আদর্শ আলাদা তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠিত করার জন্য আলোচনা করা হয়। পাশাপাশি সিপিআইএম এবং কংগ্রেসের কর্মীদের তাদের ভ্রান্ত ধারণা ত্যাগ করে যাতে ভারতীয় জনতা পার্টিতে সামিল করা যায় তার জন্য বিভিন্ন দিকনির্দেশনা এবং আলোচনা হয়েছে এই বৈঠকে।
সর্বোপরি বৈঠকের মূল নির্যাস ছিল রাজ্যে ভারতীয় জনতা পার্টির সংগঠনকে মজবুত ও শক্তিশালী করার লক্ষ্যে কার্যকরতাদের দিকনির্দেশনা। মুখ্যমন্ত্রী ভিলেজ কমিটি নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ভালো ফল করবে সেই আশা ও ব্যক্ত করেন।
এখন দেখার বিষয়, সাংগঠনিক বৈঠকের পর এডিসি নির্বাচনে বিজেপি কী কৌশল গ্রহণ করে এবং মথার সঙ্গে সমঝোতার সম্ভাবনা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়।
