আগরতলা: বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার রাজধানীর পুর নিগম কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল সদর জেলা কংগ্রেস। এদিন দলীয় কর্মী-সমর্থকেরা মিছিল করে পুর নিগমের সামনে এসে আন্দোলনকারীরা জড়ো হন এবং স্লোগান তুলে বিক্ষোভ প্রদর্শন করেন।

মূল দাবি ছিল পুর নিগমের লুট হয়ে যাওয়া ১৬ কোটি টাকা দ্রুত উদ্ধার করা এবং এই আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও কঠোর শাস্তির ব্যবস্থা করা। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠলেও তার সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আন্দোলনকারীরা জানান, পুর নিগমের আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত সকল অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি পুর নিগমের বিভিন্ন প্রকল্প ও আর্থিক লেনদেন নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানান তারা। এছাড়াও শহরের নাগরিক পরিষেবা, রাস্তা-নর্দমা, পানীয় জল এবং বর্জ্য ব্যবস্থাপনা সহ বিভিন্ন সমস্যা তুলে ধরে নগরবাসীকে “নরক যন্ত্রণা” থেকে মুক্তি দিতে প্রশাসনের কাছে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানায় সদর জেলা কংগ্রেস।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সংগঠন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *