আগরতলা ।। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (TTAADC) নির্বাচনের রণদামামা বাজিয়ে দিল শাসক দল বিজেপি।
মঙ্গলবার আগরতলার প্রদেশ কার্যালয়ে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ২৮টি আসনের সবকটিতেই প্রার্থীর নাম ঘোষণা করেছে দল। রাজ্যের বর্তমান রাজনৈতিক সমীকরণে কোনো শরিক দলের সাথে আসন সমঝোতায় না গিয়ে বিজেপির এই ‘একলা চলো’ নীতি রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতে এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
মুখ্যমন্ত্রী জানান, দলের সাংগঠনিক শক্তি এবং বিগত কয়েক বছরের জনজাতি কল্যাণের খতিয়ানকে সামনে রেখেই তাঁরা এই নির্বাচনে পূর্ণ শক্তিতে লড়াই করবেন। তালিকায় যেমন অভিজ্ঞ জনজাতি নেতাদের রাখা হয়েছে, তেমনি একঝাঁক নতুন ও শিক্ষিত মুখকেও সুযোগ দেওয়া হয়েছে।হালাহালি-আশারামবাড়ির মতো গুরুত্বপূর্ণ আসনে অনন্ত দেববর্মার মতো নেতাদের টিকিট দিয়ে বিজেপি নিজেদের জনজাতি ভোটব্যাংক মজবুত করার ইঙ্গিত দিয়েছে। মাছমারার মতো গুরুত্বপূর্ণ আসনে মঞ্জু রানী সরকারের মতো মহিলা প্রার্থীদের প্রাধান্য দেওয়া হয়েছে।
আগামী ১২ই এপ্রিল ২৮ টি আসনের জন্য এই নির্বাচন সংঘটিত হবে। আসন্য এডিসি নির্বাচন বিজেপির জন্য কতটা চ্যালেঞ্জ তা সময়ই বলবে বলে রাজনৈতিক মহলের দাবি।।
