ধর্মনগর।।আসন্ন ধর্মনগর বিধানসভা উপ-নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। এই উপ-নির্বাচনের প্রচার অভিযানে অংশ নিতে রবিবার ধর্মনগর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

এদিন স্টেশনে পা রাখতেই দলীয় কার্যকর্তা ও সমর্থকদের পক্ষ থেকে তাঁকে এক বর্ণাঢ্য ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।রেল স্টেশনে উপস্থিত শত শত দলীয় কর্মী ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে মুখ্যমন্ত্রীকে বরণ করে নেন। কার্যকর্তাদের এই স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস ও আন্তরিকতায় আপ্লুত মুখ্যমন্ত্রী প্রত্যেকের সঙ্গে কুশল বিনিময় করেন। উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, ধর্মনগরের মানুষের এই অকৃত্রিম ভালোবাসা ও কর্মীদের উৎসাহ আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে, কর্মীদের এই মনোবল এবং ঐকান্তিক প্রচেষ্টা আসন্ন উপ-নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করবে।

স্টেশনে অভ্যর্থনা পর্ব শেষে মুখ্যমন্ত্রী সরাসরি নির্বাচনী কর্মসূচির উদ্দেশ্যে রওনা হন। স্থানীয় নেতৃত্ব এবং কার্যকর্তাদের নিয়ে একাধিক বৈঠকে অংশ নেন। রাজনৈতিক মহলের মতে, উপ-নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর এই সফর উত্তর ত্রিপুরার রাজনৈতিক সমীকরণকে আরও মজবুত করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *