আগরতলা: আসন্ন স্বশাসিত জেলা পরিষদ (টিটিএডিসি) নির্বাচনের প্রাক্কালে প্রচারের তীব্রতা ক্রমশ বাড়াচ্ছে বিজেপি। রবিবার ১১ মহারানী–তেলিয়ামুড়া কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিল্লু জমাতিয়া ২৭ কল্যাণপুর–প্রমোদনগর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে চালান জনসংযোগ অভিযান।

দিনভর এই প্রচার কর্মসূচির অংশ হিসেবে তিনি সাধারণ ভোটার ও দলীয় কর্মীদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন। প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে বাজারকেন্দ্র—প্রতিটি জায়গাতেই মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন তিনি। নির্বাচনের ‘বৈতরণী’ পার করতে সংগঠনকে আরও মজবুত করার বার্তাও দেন কর্মীদের। বিল্লু জমাতিয়ার বক্তব্যে উঠে আসে উন্নয়নের একাধিক প্রতিশ্রুতি। এলাকার সার্বিক অগ্রগতির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির উপর জোর দেন তিনি।

তাঁর দাবি, দীর্ঘদিন ধরে এই অঞ্চল মৌলিক পরিষেবার অভাবে ভুগছে, যা দূর করতে প্রয়োজন কার্যকর উদ্যোগ এবং স্বচ্ছ প্রশাসন।এদিনের জনসংযোগ অভিযানে স্থানীয় বাসিন্দাদের একাংশও নিজেদের অভাব-অভিযোগ তুলে ধরেন। বিশেষ করে রাস্তাঘাটের বেহাল দশা, পানীয় জলের সংকট এবং বিদ্যুৎ পরিষেবার অনিয়মিততা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

প্রার্থীর অভিযোগ, পূর্বতন সিপিআইএম ও তিপ্রা মথা শাসনকালে এই সমস্ত ক্ষেত্রেই বঞ্চনার শিকার হয়েছেন সহজ-সরল জনজাতি মানুষ।সব মিলিয়ে, নির্বাচনের আগে মানুষের দরজায় পৌঁছে সরাসরি যোগাযোগের এই কৌশলকে সামনে রেখেই প্রচারের গতি বাড়াচ্ছে বিজেপি। এখন দেখার, এই প্রচার কতটা প্রভাব ফেলতে পারে ভোটবাক্সে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *