নয়াদিল্লি, ২ অক্টোবর: মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ সারা দেশে শ্রদ্ধা ও প্রার্থনার মধ্যে দিয়ে পালিত হল গান্ধী জয়ন্তী। দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবেও পালিত হয়। একই দিনে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর ১২২তম জন্মজয়ন্তীও পালন করা হয়।
সকালে দিল্লির রাজঘাটে গান্ধীজির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়, ‘রঘুপতি রাঘব রাজা রাম’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে রাজঘাট। উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন, লোকসভার স্পিকার ওম বিড়লা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
রাষ্ট্রপতি তাঁর বার্তায় বলেন, আজ যখন বিশ্বের নানা প্রান্তে সংঘাত চলছে, তখন গান্ধীজির শান্তি ও অহিংসার বাণী আরও বেশি প্রাসঙ্গিক। তিনি গান্ধীজির সর্বোদয়ের আদর্শের কথা স্মরণ করিয়ে বলেন, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার যে লক্ষ্য, তা সকলের কল্যাণের মধ্য দিয়েই সম্ভব। প্রধানমন্ত্রী মোদি বলেন, “পূজ্য বাপুর সমগ্র জীবন সত্য, অহিংসা, করুণা ও সেবার এক আলোকস্তম্ভ।”
তিনি গীতার শ্লোক উদ্ধৃত করে বলেন, গান্ধীজি ক্ষমতা থেকে অনেক দূরে থেকেও আজও কোটি কোটি মানুষের হৃদয়ে রাজ করেন। তাঁর চিন্তাধারা যতদিন মানবতার সঙ্গে থাকবে, ততদিন প্রাসঙ্গিক থাকবে। এদিন প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে বিশেষ আহ্বান জানান। তিনি বলেন, গান্ধীজি সবসময় স্বদেশী ও খাদিকে গুরুত্ব দিতেন।
তাই আজকের দিনে প্রত্যেক দেশবাসী যেন অন্তত একটি খাদি পণ্য কেনেন এবং গর্বের সঙ্গে বলেন “এটি স্বদেশী”। এর ফলে দেশের কারিগর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত হবেন। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা কর্তব্য ভবনের কাছে শ্রমদানে অংশ নেন এবং সারাদেশে ২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এক মাসব্যাপী স্বচ্ছতা অভিযান শুরু হয়।
images courtesy copy from Google images
