ওয়েব ডেস্ক জনদর্পন।। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স কলকাতার জ্ঞান মঞ্চে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। সহযোগিতায় ছিল হাউস-৫৪ ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস বিভাগ।

দিনের অনুষ্ঠানের সূচনা হয় ‘শিক্ষক প্রণাম’ দিয়ে। এই পর্বে বিশিষ্ট ভাষাবিদ পবিত্র সরকার এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যকে বিশেষভাবে সম্মান জানানো হয়।

শিক্ষক দিবসের এই বিশেষ দিনে দুই বিশিষ্ট শিক্ষককে সংবর্ধনা জানান শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা এবং হাউস ৫৪-এর ডিরেক্টর ধীমান মিত্র।

দুই বরেণ্য রোল মডেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে দর্শকাসনে উপস্থিত সকলেই তাঁদের দাঁড়িয়ে অভিবাদন জানান।

পবিত্র সরকার বলেন, “শব্দ নিয়ে যিনি কাজ করেন, একজন শিক্ষক হিসেবে আপনাদের এই ভালোবাসা ও আন্তরিকতা আমাকে বাকরুদ্ধ করে দিয়েছে। সকলকে ধন্যবাদ।”

এই উপলক্ষে প্রদীপ্ত ভট্টাচার্য বলেন, “আপনারা সকলেই জানেন, আমি স্পটলাইটের সামনে থাকার চেয়ে ক্যামেরার পিছনে থাকতেই বেশি পছন্দ করি। এই সম্মানের জন্য শ্যাম সুন্দর কোং জুয়েলার্সকে বিশেষ ধন্যবাদ।”

এরপর মঞ্চে শুরু হয় ‘তারায়, তারায় ’ (Amid the Stars)— বহুল জনপ্রিয় এই নাটকের বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন। নাটকটি সৃজাতর উপন্যাস ‘তারাভরা আকাশের নিচে’ থেকে অনুপ্রাণিত এবং কিংবদন্তি শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের জীবন ও সময়ের সঙ্গে বিভিন্ন সমান্তরাল তুলে ধরে। তাঁর চিত্রকর্ম, বিশেষত ‘দ্য স্টারি নাইট’, নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা।

‘তারায়, তারায়’-এর নির্দেশনায় ছিলেন কৌশিক সেন। অভিনয়ে ছিলেন কৌশিক সেন, রেশমি সেন, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় এবং রাজার্ষি নাগ।

নাট্য প্রদর্শনের শেষে দর্শকদের বিপুল করতালিতে মুখর হয়ে ওঠে প্রেক্ষাগৃহ। দর্শকে পরিপূর্ণ অডিটোরিয়ামে নাটকের সমাপ্তি হয় এক অভূতপূর্ব উচ্ছ্বাসের মধ্য দিয়ে।

অনুষ্ঠানের শেষ পর্বে দুই সম্মানিত শিক্ষক— পবিত্র সরকার ও প্রদীপ্ত ভট্টাচার্য— এবং রূপক সাহার সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশে অভিবাদন জানান কৌশিক সেন।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা বলেন, “শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে আমরা সবসময়ই বিশ্বাস করি, উৎকর্ষের সাধনা শুধু আমাদের জুয়েলারি শোরুমের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের জীবন ও সময়ের যে সমস্ত বিষয় সত্যিই ‘সোনা’র মতো মূল্যবান, আমরা সেগুলিকেও উদযাপন করে থাকি।”
তিনি আরও বলেন, “আমাদের জীবনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আমরা বরাবরই তাঁদের সম্মান জানিয়ে এসেছি। তাই এমন দুই শিক্ষককে সংবর্ধনা জানাতে পেরে আমরা বিশেষভাবে গর্বিত, যাঁরা আজও বহু মানুষের কাছে রোল মডেল।”

‘তারায়, তারায়’ উপস্থাপন করতে পেরেও আমরা সমানভাবে গর্বিত। রূপক সাহা বলেন, “কারণ বিষয়বস্তু এবং উপস্থাপনা— দুই দিক থেকেই এটি নিঃসন্দেহে ২৪ ক্যারেটের।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *