ওয়েব ডেস্ক জনদর্পন।। অসমের দিগারু স্টেশনে সাতসকালে ভয়াবহ রেল দুর্ঘটনা। বুধবার (১১ নভেম্বর) ভোরে গুয়াহাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে কলকাতা–সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিন-সহ মোট পাঁচটি কামরা লাইনচ্যুত হয়।
এই ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।রেল কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, অন্য একটি ট্রেনকে অগ্রাধিকার দেওয়ার জন্য দিগারু স্টেশনে কলকাতা–সাইরাং এক্সপ্রেসকে গ্রহণ করার সময় ট্রেনটির গতি নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেয়। এর জেরেই ইঞ্জিন-সহ পাঁচটি কামরা লাইনচ্যুত হয় বলে জানা গিয়েছে।এদিকে, দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের একটি ভিডিও সামনে এসেছে। সেখানে ট্রেনের ব্রেক কাজ না করার কথা বলতে শোনা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে।
তবে ব্রেক সংক্রান্ত সমস্যাই দুর্ঘটনার মূল কারণ কি না, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।এই দুর্ঘটনায় চারজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্যে জানা গিয়েছে। দুর্ঘটনার পর যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়।
সাতসকালে এমন ভয়াবহ রেল দুর্ঘটনাকে কেন্দ্র করে রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের দিকেই এখন নজর রয়েছে।
