আগরতলা।। পুরভোটের আগে রাজনৈতিক উত্তেজনার আবহে খয়েরপুর ও কমলপুরের ঘটনা নিয়ে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। স্পষ্ট জানিয়ে দিলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এমনকি বিজেপির কেউ জড়িত থাকলেও তাঁকে রেহাই দেওয়া হবে না।
শনিবার বিজেপির প্রদেশ কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, খয়েরপুরের ঘটনার যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। কমলপুরের ঘটনা নিয়েও বিস্তারিত খোঁজখবর নেবেন তিনি। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।অন্যদিকে, পুরভোটে বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগও ওঠে।
রামনগরে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও করে রাখার অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, কাউকে মনোনয়ন জমা দিতে বাধা না দেওয়ার নির্দেশ দলীয়ভাবে দেওয়া হয়েছে।এদিকে, আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে বিজেপির প্রদেশ কার্যালয়ে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। দলের পদাধিকারীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হয় বলে জানান তিনি।
তবে এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনের অপেক্ষায় রয়েছে দল। সব মিলিয়ে খয়েরপুর ও কমলপুরের ঘটনা, বিরোধীদের মনোনয়ন ঘিরে অভিযোগ এবং বিজেপির প্রার্থী তালিকা—এই তিন ইস্যুতেই পুরভোটের আগে রাজ্য রাজনীতিতে বাড়ছে উত্তাপ।
