আগরতলা: শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে ভক্তি, আবেগ আর নস্টালজিয়ার আবহে সাড়ম্বরে উদযাপিত হলো এমবিবি কলেজের চতুর্থ ‘আগমনী উৎসব ২০২৬’। এমবিবি কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ১০ অক্টোবর, শনিবার ভোরে কলেজ প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়।
ভোরের আলো ফোটার আগেই শিউলি ফুলের সুবাসে মুখরিত হয়ে ওঠে কলেজ চত্বর। উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং তাঁদের পরিবার-পরিজন। পুরনো দিনের স্মৃতিচারণের পাশাপাশি মা দুর্গাকে আবাহনের মধ্য দিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
ঐতিহ্যবাহী আগমনী সংগীত এবং মহিষাসুরমর্দিনী স্তোত্রপাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় ভোর পাঁচটায়। এরপর সকাল সাড়ে পাঁচটায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হয়। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
এই উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এমবিবি কলেজের অধ্যক্ষ ড. অর্জুন গোপ। উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শ্রী বিমল কান্তি রায়। উৎসবের আহ্বায়ক ড. সায়ন সাহা, এমবিবি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. ভোলানাথ সাহা এবং সম্পাদক শ্রী তমাল পাল-সহ কার্যকরী কমিটির সদস্যদের উদ্যোগ ও সমন্বয়ে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।দীর্ঘদিন পর পুরনো শিক্ষাঙ্গনে ফিরে এসে আবেগে আপ্লুত হয়ে পড়েন বহু প্রাক্তন ছাত্রছাত্রী।
পুরনো বন্ধুদের সঙ্গে পুনর্মিলন এবং কলেজ জীবনের স্মৃতিচারণে উৎসব প্রাঙ্গণ হয়ে ওঠে আনন্দমুখর।সব মিলিয়ে, চতুর্থ ‘আগমনী উৎসব ২০২৬’ শুধুমাত্র মা দুর্গাকে আবাহনের অনুষ্ঠান নয়, বরং প্রাক্তন ও বর্তমান প্রজন্মের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন আরও দৃঢ় করার এক অনন্য উদ্যোগ।
ঐতিহ্য, সম্প্রীতি আর স্মৃতির মেলবন্ধনে এমবিবি কলেজের এই আগমনী উৎসব দুর্গোৎসবের প্রাক্কালে এক স্মরণীয় অধ্যায় হয়ে রইল।
