নিজস্ব প্রতিনিধি আগরতলা: দুর্গাপুজোয় শব্দদূষণ নিয়ন্ত্রণে তৎপর ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (TSPCB)। শব্দদূষণ রোধে রাজ্য পুলিশের হাতে শব্দের মাত্রা পরিমাপক যন্ত্র তুলে দিল পর্ষদ।

ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ মোট ৩৫টি সাউন্ড লেভেল মিটার বা শব্দের মাত্রা পরিমাপক যন্ত্র সংগ্রহ করেছে। শব্দদূষণ নিয়ন্ত্রণ, শব্দের মাত্রা পর্যবেক্ষণ এবং Noise Pollution (Regulation and Control) Rules, 2000 কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে এই যন্ত্রগুলি রাজ্যের স্বরাষ্ট্র (পুলিশ) দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। এই উপলক্ষে সোমবার আগরতলার প্রজ্ঞা ভবনের ৩ নম্বর হলে সাউন্ড লেভেল মিটার বিতরণ ও প্রদর্শনী কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে যন্ত্রগুলির পরিচালনা, ব্যবহার ও রক্ষণাবেক্ষণ এবং শব্দের মাত্রা পরিমাপের সঠিক পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে প্রদর্শনী ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত ২০০০ সালের বিধির গুরুত্বপূর্ণ দিকগুলি নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের আইজিপি (আইনশৃঙ্খলা) এবং বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের প্রধান সচিব সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *