আগরতলা।। দুর্গাপূজার প্রাক্কালে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা। একইসঙ্গে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিভিন্ন প্রকল্পে উপভোক্তাদের আর্থিক সহায়তা বৃদ্ধির কথাও জানালেন মন্ত্রী টিংকু রায়।
মহাকরণে সাংবাদিক সম্মেলন করে দপ্তরের একাধিক কর্মকাণ্ড ও নতুন সিদ্ধান্তের বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি।মহাকরণে সাংবাদিক সম্মেলনের শুরুতেই সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা-সহ দপ্তরের সমস্ত কর্মী এবং রাজ্যবাসীকে আসন্ন শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান মন্ত্রী টিংকু রায়।মন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে মোট ১০ হাজার ৪৭৯টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু রয়েছে।
এরই মধ্যে ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানের আওতায় আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অনুমোদন মিলেছে। এই কেন্দ্রগুলি চালু হলে রাজ্যে মোট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০ হাজার ৫৩৪টি।অন্যদিকে, PM-JANMAN প্রকল্পের আওতায় ৮৩টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাকা ভবন নির্মাণের জন্য প্রথম কিস্তিতে ২ কোটি ৪০ লক্ষ টাকা মঞ্জুর করেছে ভারত সরকারের মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক।জাতীয় পারিবারিক সহায়তা প্রকল্প নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন মন্ত্রী।
দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তির আকস্মিক মৃত্যু হলে সংশ্লিষ্ট পরিবারকে এককালীন ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।চলতি ২০২৬-২৭ অর্থবছরে ইতিমধ্যেই ৫০৪টি পরিবারকে চিহ্নিত করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ প্রদান করা হয়েছে বলে জানান মন্ত্রী।আর দুর্গাপূজার আগে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্যও থাকছে বাড়তি সুবিধা।২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাকে ইউনিফর্মের জন্য এক হাজার টাকা করে দেওয়া হবে।
পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেককে ২ হাজার ৬১০ টাকা উৎসব অনুদান এবং ৫ হাজার টাকা উৎসবকালীন অগ্রিম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার উদ্যোগে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের একাধিক সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক প্রকল্পে ভাতা ও আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে।
এর আওতায় রয়েছে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মৃত্যুজনিত সহায়তা, ইউনিফর্ম গ্রান্ট, মেডিসিন গ্রান্ট, উপকরণ ও ভাতা, PMMVY প্রকল্পের সুবিধা এবং SNP ফিডিং বিলের বকেয়া পরিশোধ।
দপ্তরের দাবি, এইসব সিদ্ধান্তের ফলে রাজ্যের হাজার হাজার উপভোক্তা এবং অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকা সরাসরি উপকৃত হবেন।
