আগরতলা।। শারদ উৎসবের দিনগুলোতে শহরের মূল কেন্দ্র যানজট মুক্ত রাখতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করল ট্রাফিক দপ্তর । ঘোষণা করা হলো নো এন্ট্রি জোন এবং নো এন্ট্রির সময়সীমাও।
এবার নো এন্ট্রি জোনে রাজধানীর আরও দুটি সড়ককে যুক্ত করা হয়েছে। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানান পশ্চিম জেলার ট্রাফিক এসপি কান্তা জাঙ্গীর। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত এই চারদিন শহরে দর্শনার্থীদের জন্য যানজট মুক্ত রাখতে নো এন্ট্রি জোন থাকবে। এই চার দিন সন্ধ্যা পাঁচটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সংশ্লিষ্ট পথে থাকবে নো এন্ট্রি।
এই টার্মিনাল পয়েন্টগুলো হল নেহেরু পার্ক, ত্রিনয়নী ক্লাব ক্রসিং, নাগেরজলা, এডি নগর ড্রপ গেট, প্রতাপগড় বেইলি ব্রিজ, রাম ঠাকুর স্কুল ব্রিজ, গান্ধী স্কুল, এমবিবি কলেজ, চন্দ্রপুর মসজিদ এবং ইন্দ্রনগর ব্রিজ। এই টার্মিনাল পয়েন্টগুলোতে ড্রপ গেট এবং সিসি ক্যামেরার ব্যবস্থা করা হবে । থাকবে পুলিশ পিকেটিং।
সাংবাদিক সম্মেলনে পস্সিম জেলার ট্রাফিক এসপি আরো জানান, এবছর মুখ্যমন্ত্রীর নির্দেশে পুজোর দিনগুলিতে ভেহিকেল পাস ইস্যু করা নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক ব্যক্তিকে একটি মাত্র বাহনের জন্যই পাস প্রদান করা হবে।
