আগরতলা।। রক্তদান মহৎ দান—এই বার্তাকে সামনে রেখে সরকারি কর্মচারী ও কর্মরত অবসরপ্রাপ্ত কর্মচারীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সূর্যমণিনগর বিধানসভা এলাকার ডুকলি ৫১ নম্বর ওয়ার্ড কমিউনিটি হলে আয়োজন করা হয় এই রক্তদান কর্মসূচির।
রক্তের সংকট মেটাতে এবং মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আয়োজন করা হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবির। কর্মসূচিতে প্রায় ৭০ জন রক্তদাতা রক্তদান করবেন বলে জানানো হয়।এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত চন্দ্র ভৌমিক, সরকারি কর্মচারী কমিটির সভাপতি রুপক কুমার দত্ত সহ অন্যান্য সরকারি কর্মচারী ও আয়োজকরা।
উদ্বোধনী বক্তব্যে রামপ্রসাদ পাল রক্তদানের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। এদিন তাঁর বক্তব্যে সিপিআইএমের বিভিন্ন প্রচার ও রাজনৈতিক কার্যকলাপ নিয়েও আলোচনা উঠে আসে।আয়োজকদের দাবি, রক্তদান শুধু একটি সামাজিক দায়বদ্ধতা নয়, একজন মানুষের জীবন বাঁচানোর অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের এই উদ্যোগ আগামী দিনেও সমাজের মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেবে বলেই মনে করছেন আয়োজকরা।
সামাজিক দায়বদ্ধতা থেকে আয়োজিত এই রক্তদান শিবিরে কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। রক্তদানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথিরাও।
