আগরতলা।। চলমান বিধানসভা অধিবেশনে আজ আরও একবার শাসক বিরোধীদের পারস্পরিক তর্ক এবং বিতর্কের মধ্যে বিধানসভার অধিবেশন কক্ষ রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে।অধিবেশনের একটা পর্যায়ে বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ডিজিপি অনুরাগ ধ্যানকরের অনাকাঙ্ক্ষিত মৃত্যু নিয়ে সরব হন।

এই মৃত্যুর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের কর্মরত বিচারপতি দিয়ে তদন্ত কমিটি গঠন করার দাবি যেমন জিতেন্দ্র চৌধুরী উত্থাপন করেন ঠিক এর পাশাপাশি ময়নাতদন্ত নিয়ে বিভিন্নভাবে কথা বলতে শোনা যায় জিতেন্দ্র চৌধুরীকে।

এই বিষয়ে একই রকম ভাবে সুদীপ রায় বর্মনেরও প্রতিবাদ করতে দেখা গেছে।সুদীপ রায় বর্মন গতকালকের মুখ্যমন্ত্রীর দেওয়া স্টেটমেন্ট অনুযায়ী যেভাবে পোস্টমর্টেমের রিপোর্টে উল্লেখিত সুইসাইডাল ন্যাচার কথাটি উল্লেখ করেছেন তার প্রতিবাদ জানান। পাশাপাশি বিরোধী দলীয় নেতার বক্তব্য কে সমর্থন করে ডিজিপি অনুরাগ ধ্যানকরের রহস্যজনক মৃত্যুর কারণ উন্মোচন করতে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন।

জবাবে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা বিরোধী দলনেতার বক্তব্যকে খন্ডন করার পাশাপাশি দাবি করেন সিপিআইএম দলকে দেখে অনেকেই ছোট থেকে বড় হয়েছেন কিন্তু এই সময়ের মধ্যে সিপিআইএম দল বিধানসভার ভেতরে এবং বাইরে যা করছে তা মানা যায় না। রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেন সংশ্লিষ্ট মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত চলছে নির্দিষ্ট গতিতেই।

তিনি বলেন তারপরও তদন্ত কার্যক্রমে এই পর্যন্ত অগ্রগতি সম্পর্কে বিস্তারিতভাবে গতকাল তিনি আইন সম্মত উপায়ে বিধানসভায় বক্তব্য রেখেছেন। এরপর এই বিষয় নিয়ে আর কোন প্রশ্ন থাকতে পারে না। তিনি জানান তদন্ত প্রক্রিয়া নির্দিষ্ট গতিতে যেমন এগিয়ে চলছে পাশাপাশি তথ্য এবং প্রযুক্তি এবং বিজ্ঞানসম্মত উপায়ে এই মৃত্যুর রহস্য উন্মোচনে নিরপেক্ষ তদন্তকার্য অব্যাহত রয়েছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই বিরোধী দল সিপিআইএম এর বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ প্রদর্শন করে। এই সময় বিধানসভায় উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *