আগরতলা।। সংসার চালানোর টান, তার উপর গাড়ির কিস্তি। এর মধ্যেই প্রতিদিন জরিমানার বোঝা। আর সেই চাপেই কার্যত দিশেহারা টমটম চালকরা। তাঁদের অভিযোগ, যাত্রী নিয়ে মোটরস্ট্যান্ড এলাকায় এলেই এক হাজার টাকা করে জরিমানা করা হচ্ছে।

এমনকি জরিমানা দেওয়ার পরও রসিদ না পাওয়ার অভিযোগ তুলেছেন তাঁরা।চালকদের দাবি, প্রতিদিনের আয়ের বড় অংশ জরিমানায় চলে যাচ্ছে। তার সঙ্গে রয়েছে গাড়ির কিস্তি এবং সংসারের খরচ। ফলে পরিবার চালানোই কঠিন হয়ে পড়েছে। ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এক টমটম চালক বলেন, **“আমাদের বিষ দিন, বিষ খেয়ে ছেলে-মেয়েদের নিয়ে মরে যাই।”**ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মুক্তা ঘোষের বিরুদ্ধে অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগ তুলে সোমবার পূর্ব থানায় ডেপুটেশন দেন টমটম চালকরা।

পরে সংবাদমাধ্যমের সামনে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন তাঁরা।চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জরিমানার চাপের কারণে তাঁরা আর্থিক সংকটে পড়েছেন। তাঁদের দাবি, প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখুক এবং নিয়ম অনুযায়ী জরিমানা আদায়ের পাশাপাশি চালকদের সমস্যারও সমাধান করা হোক।

তবে টমটম চালকদের তোলা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ট্রাফিক কর্তৃপক্ষের বক্তব্য এখনও পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা এবং জরিমানা আদায়ের ক্ষেত্রে নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের পরই স্পষ্ট হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *