আগরতলা।। শ্রমিক ও আধিকারিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম লিমিটেড বা টিআইডিসির উদ্যোগে বৃহস্পতিবার বোধজংনগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় একটি স্বাস্থ্য শিবির ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।
শিবিরে উপস্থিত ছিলেন টিআইডিসির বোর্ড অফ ডিরেক্টর মেঘনাথ সাহা, ত্রিপুরা ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রাণ গোপাল সাহা সহ নিগমের অন্যান্য আধিকারিকরা।সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিআইডিসির বোর্ড অফ ডিরেক্টর মেঘনাথ সাহা বলেন, “ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম লিমিটেডের সমস্ত আধিকারিক ও কর্মীদের সুস্থ রাখাই আমাদের মূল লক্ষ্য। তাদের স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে উৎপাদন ও কাজ ব্যাহত হবে।
তাই বিশেষভাবে তাদের কথা মাথায় রেখে এবং তাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করেই এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে।”শিবিরে কর্মীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ প্রদান এবং বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়।
