আগরতলা।। দীর্ঘদিন ধরে বাসভাড়া বৃদ্ধি না হওয়া এবং জ্বালানি সহ বিভিন্ন খরচ বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে রাজ্যে বাসভাড়া বৃদ্ধির দাবি তুললেন বাস মালিকরা। মঙ্গলবার নাগেরজলা, রাধানগর এবং চন্দ্রপুর বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন রুটে চলাচলকারী বাস মালিকদের প্রতিনিধিরা পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে দেখা করে তাঁদের দাবি জানান।
বাস মালিকদের বক্তব্য, জ্বালানির দাম বৃদ্ধি থেকে শুরু করে গাড়ির রক্ষণাবেক্ষণ, কর্মীদের বেতনসহ অন্যান্য খরচ বেড়েছে। অথচ দীর্ঘদিন ধরে বাসভাড়া অপরিবর্তিত রয়েছে। ফলে বর্তমান পরিস্থিতিতে বাসভাড়া পুনর্নির্ধারণ করা জরুরি হয়ে পড়েছে বলে দাবি তাঁদের।বাস মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, ভাড়া বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখতে শীঘ্রই একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্ত্রীর আশ্বাস, বাস মালিকদের পাশাপাশি সাধারণ যাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে এবং চলতি মাসের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হবে।একই সঙ্গে অটোভাড়ার বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানান পরিবহন মন্ত্রী। তবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া বা অন্য কোনও অনিয়মের নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
অর্থাৎ একদিকে বাস মালিকদের ভাড়া বৃদ্ধির দাবি, অন্যদিকে যাত্রীদের স্বার্থ—দুই দিক সামঞ্জস্য রেখেই এবার সিদ্ধান্ত নিতে চলেছে পরিবহন দপ্তর। চলতি মাসেই নতুন ভাড়ার বিষয়ে কী সিদ্ধান্ত হয়, এখন সেদিকেই নজর।
